Google Play Awards 2026: Google Play-এর ২০২৬ সালের সেরার তালিকা প্রকাশ! কোন অ্যাপ ও গেম পেল বিশেষ স্বীকৃতি?

Google Play Awards
Google Play Awards

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Google Play Store-এর জনপ্রিয় অ্যাপ ও গেমের মধ্যে থেকে ২০২৬ সালের সেরাদের তালিকা প্রকাশ করেছে Google। বিভিন্ন বিভাগে জায়গা পেয়েছে AI-নির্ভর অ্যাপ, সৃজনশীল কাজের টুল, বিনোদনমূলক প্ল্যাটফর্ম এবং ভারতীয় গেম। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও ফিচারের ভিত্তিতে একাধিক বিভাগে স্বীকৃতি পেয়েছে এই অ্যাপ ও গেমগুলি। দেখে নেওয়া যাক, এবছর কোন বিভাগে কারা পেল বিশেষ সম্মান।

Google Play Best Apps of 2026: কোন অ্যাপ পেল কোন পুরস্কার?

এ বছর অ্যাপগুলিকে তাদের সৃজনশীলতা, নতুন ফিচার এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটেগরিতে বেছে নিয়েছে Google। Google Play Best of 2026-এর অধীনে Adobe Premiere-কে বছরের সেরা অ্যাপ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মোবাইলেই ভিডিও এডিটিং, মাল্টিট্র্যাক এডিটিং এবং অডিওর মান উন্নত করার মতো বিভিন্ন টুল ব্যবহার করা যায়। অন্যদিকে, ক্রিয়েটিভ এক্সপ্রেশন ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে ibis Paint X। Wispr Flow জিতেছে বেস্ট ইনোভেটিভ অ্যাপের পুরস্কার। AI-এর সাহায্যে এই অ্যাপ মুখে বলা কথাকে সাজানো টেক্সটে পরিণত করে। এতে হিন্দি ও হিংলিশ-সহ একাধিক ভাষার সাপোর্ট রয়েছে।

Google Play-এর সেরা অ্যাপের সম্পূর্ণ তালিকা—

Pronto জিতেছে বেস্ট প্রোডাক্টিভিটি পার্টনারের পুরস্কার। এই অ্যাপের মাধ্যমে বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা বুক করতে পারেন ব্যবহারকারীরা। অন্যদিকে, Baby Development & Milestones অ্যাপটি জায়গা করে নিয়েছে আন্ডার দ্য রাডার ক্যাটেগরিতে। শিশুদের বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ ট্র্যাক করতে সাহায্য করে এই অ্যাপ।

Zolio: Daily Journal & Diary-কে স্কিল বিল্ডিং ক্যাটেগরিতে বেছে নেওয়া হয়েছে। ডায়েরি ও জার্নালের মাধ্যমে প্রতিদিনের কাজকর্ম এবং নিজের ভাবনা লিখে রাখার সুযোগ দেয় এই অ্যাপ। এ ছাড়াও, এন্টারটেইনমেন্ট ক্যাটেগরিতে Pocket FM, স্পোর্টস ফ্যানদের জন্য FanCode, ক্রস-ডিভাইস অ্যাপ হিসেবে Strava এবং বেস্ট ওয়াচ অ্যাপের পুরস্কার পেয়েছে Pocket Casts।

Google Play Best Games of 2026: বাজিমাত করল এই গেমগুলি Google Play-এর গেমিং ক্যাটেগরিতে এ বছর বিভিন্ন ধরনের গেমকে তাদের গল্প, গেমপ্লে এবং খেলার অভিজ্ঞতার ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে।

Arknights: Endfield বেস্ট গেম এবং বেস্ট স্টোরি—দু’টি ক্যাটেগরিতেই পুরস্কার জিতেছে। অন্যদিকে, Monument Valley 3-কে বেছে নেওয়া হয়েছে বেস্ট ইন্ডি গেম হিসেবে। ভারতীয় গেম ScarFall 2.0 পেয়েছে বেস্ট মেড ইন ইন্ডিয়া পুরস্কার। এই গেমে মুম্বইয়ের শহুরে এলাকা এবং লোকাল ট্রেনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উপাদান রয়েছে।

অন্যদিকে, মাল্টিপ্লেয়ার ক্যাটেগরিতে জায়গা পেয়েছে Pokemon Champions। Astro Arena: 3vs3 MOBA-কে বেছে নেওয়া হয়েছে পিক আপ অ্যান্ড প্লে গেম হিসেবে। এই গেমে বিভিন্ন দলের মধ্যে পাঁচ মিনিটের লড়াই হয়। এ ছাড়াও, নিয়মিত আপডেট পাওয়ার কারণে বেস্ট অনগোয়িং গেমের পুরস্কার জিতেছে eFootball। Android এবং Windows—দু’টি প্ল্যাটফর্মেই খেলার সুবিধা থাকায় Deep Rock Galactic: Survivor পেয়েছে বেস্ট ক্রস-ডিভাইস গেমের খেতাব।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…