AI-driven cyberattacks: মানুষের সাহায্য ছাড়াই AI দিয়ে সাইবার হামলা! হ্যাকারদের নতুন অস্ত্রে বাড়ছে আতঙ্ক

Google warns of AI-driven cyberattacks without human help
Google warns of AI-driven cyberattacks without human help

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার যত বাড়ছে, ততই নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে সাইবার নিরাপত্তা নিয়ে। এবার গুগলের একটি সাম্প্রতিক রিপোর্টে উঠে এল আরও ভয়াবহ তথ্য। সাইবার অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমনভাবে সাইবার হামলা চালানোর চেষ্টা করছে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে না। AI-চালিত স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই লক্ষ্যবস্তু চিহ্নিত করা থেকে শুরু করে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা এবং আক্রমণের কৌশল তৈরি করতে সক্ষম হচ্ছে হ্যাকাররা।

মঙ্গলবার প্রকাশিত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সর্বশেষ নিরাপত্তা রিপোর্টে এই প্রবণতা নিয়ে সতর্ক করা হয়েছে। Google Threat Intelligence Group-এর রিপোর্টটির নাম ‘GTIG AI Threat Tracker: Agentic Threat Activity Crosses a Significant Threshold’। সেখানে বলা হয়েছে, সাইবার অপরাধের জগতে ক্রমশ বাড়ছে Agentic AI-এর ব্যবহার। এই প্রযুক্তির মাধ্যমে একাধিক AI এজেন্ট একসঙ্গে কাজ করে জটিল সাইবার হামলার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারে।  রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা এখন Large Language Models বা LLM ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যারের আপডেট পর্যবেক্ষণ করছে। কোনও সফটওয়্যারে নিরাপত্তার ত্রুটি সংশোধনের জন্য আপডেট প্রকাশিত হলে, সেই আপডেটের আগের ও পরের কোড বিশ্লেষণ করে দুর্বলতার জায়গাটি খুঁজে বের করছে AI। এরপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার হামলার কৌশল তৈরি করা হচ্ছে। ফলে কোনও সংস্থা নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সংশোধনের সুযোগ পাওয়ার আগেই তাদের উপর আক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। 

গুগলের মতে, সাইবার অপরাধীরা নতুন কোনও অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কারের পরিবর্তে আগে থেকেই পরিচিত কিন্তু সংশোধন না হওয়া সফটওয়্যার দুর্বলতাগুলিকে কাজে লাগাচ্ছে। তবে AI ব্যবহারের ফলে এই কাজের গতি ও পরিসর অনেকটাই বেড়ে গিয়েছে। গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান বিশ্লেষক জন হাল্টকুইস্ট জানিয়েছেন, এতদিন হ্যাকারদের প্রতিটি পদক্ষেপে মানুষের সরাসরি নির্দেশনার প্রয়োজন হত। কিন্তু এখন AI-নির্ভর প্রযুক্তি একাধিক ধাপকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মধ্যে যুক্ত করতে পারছে। এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও AI-নির্ভর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। রিপোর্টে ARTEX, CAIRN, CyberStrikeAI এবং PentAGI-র মতো কয়েকটি AI-চালিত আক্রমণাত্মক প্রযুক্তির উল্লেখ করা হয়েছে। এই ধরনের সিস্টেম একাধিক বিশেষায়িত AI এজেন্টের সমন্বয়ে কাজ করতে পারে। প্রথমে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করা, তারপর সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা, আক্রমণের জন্য প্রয়োজনীয় কোড তৈরি করা এবং সেই অনুযায়ী কৌশল পরিবর্তন করার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে এই প্রযুক্তি। এমনকি exploit_agent নামে একটি ফ্রেমওয়ার্কের সন্ধান পেয়েছেন গবেষকরা। এটি মানুষের সরাসরি সাহায্য ছাড়াই সফটওয়্যারের দুর্বলতা বিশ্লেষণ এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণের প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইটকে লক্ষ্য করে চালানো সাইবার কার্যকলাপের সঙ্গে এই প্রযুক্তির যোগসূত্র পাওয়া গিয়েছে। বিশেষ করে সংবাদমাধ্যম, বিনোদন এবং শিক্ষা ক্ষেত্রের ওয়েবসাইটগুলি এই হামলার লক্ষ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে। 


রিপোর্টে আরও একটি উদ্বেগজনক প্রবণতার কথা বলা হয়েছে, যার নাম ‘LLMJacking’। এই পদ্ধতিতে বিভিন্ন উচ্চক্ষমতাসম্পন্ন AI মডেলে অননুমোদিত প্রবেশাধিকার সংগ্রহ করে তা ভূগর্ভস্থ প্রক্সি পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি LLM ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্যবস্তুর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সফটওয়্যারের গোপন দুর্বলতা খুঁজে বের করার চেষ্টাও চালাচ্ছে সাইবার অপরাধীরা। ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলিকে লক্ষ্য করে আমেরিকা ও ইউরোপে সাম্প্রতিক কিছু সাইবার হামলার কথাও রিপোর্টে তুলে ধরা হয়েছে। সেখানে উত্তর কোরিয়ার MIDNIGHT NEPTUNE নামে চিহ্নিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর কার্যকলাপের উল্লেখ রয়েছে। অভিযোগ, তারা AI-ভিত্তিক সফটওয়্যার পরিকাঠামোর দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণ চালিয়েছে। Claude Code ব্যবহারের সঙ্গে যুক্ত কনফিগারেশন ফাইল পরিবর্তন করে SOMBERMEME নামে একটি ব্যাকডোর স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করানোর ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি Microsoft Copilot-এর নাম ব্যবহার করে GitHub Personal Access Token তৈরি করে নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টাও করা হয় বলে রিপোর্টে জানানো হয়েছে। 

এই পরিস্থিতিতে গুগলের বক্তব্য, মানুষের গতিতে কাজ করে AI-চালিত সাইবার হামলার মোকাবিলা করা কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থাতেও Agentic AI-এর ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে। গুগল জানিয়েছে, তাদের Gemini 4 Carbon মডেলে সাইবার নিরাপত্তার একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। AI-কে কাজে লাগিয়ে ক্ষতিকর সফটওয়্যার বা বিপজ্জনক সাইবার আক্রমণের সরঞ্জাম তৈরির অনুরোধ শনাক্ত ও প্রতিরোধ করার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে গুগলের এই রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে, সাইবার অপরাধের দুনিয়ায় AI এখন আর শুধু সহায়ক প্রযুক্তি নয়, বরং স্বয়ংক্রিয় আক্রমণের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে। ফলে আগামী দিনে ডিজিটাল পরিষেবা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং সাধারণ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে আরও দ্রুত ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…