
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্নানঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় তাঁর গাড়ির পথ আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, বিক্ষোভের সময় সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। এমনকী গাড়ির কাচ ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু হয়েছে।
ডিম হামলার ঘটনার পর ফেসবুক লাইভে আসেন মহুয়া মৈত্র। সেখানে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন। পুলিশের ভূমিকা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন সাংসদ। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুলিশের উপস্থিতিতে কীভাবে তাঁর গাড়ি আটকে রাখা হল, কীভাবে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটল, তা নিয়েই প্রশ্ন তোলেন। বিশেষ করে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সামনেই এমন ঘটনা ঘটার পরেও কেন কার্যকর পদক্ষেপ করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রচার সচিব সন্দীপ মজুমদার। তাঁর বক্তব্য, “কারা বিক্ষোভ দেখিয়েছে, তা মহুয়া মৈত্রই বলতে পারবেন। বাজার থেকে বিজেপির পতাকা কিনে লোকজন জড়ো করে নিজেই প্রচারের আলোয় আসার চেষ্টা করে থাকতে পারেন সাংসদ। মহুয়া মৈত্রের বিদেশে রূপচর্চা এবং তা দেখানোর মতো কেউ নেই। ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারের আলোয় থাকতেই এই ধরনের নাটক করা হচ্ছে।” একদিকে সাংসদের গাড়িতে হামলা ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, অন্যদিকে বিজেপির তরফে পালটা কটাক্ষ – গোবরার এই ঘটনাকে ঘিরে নদিয়ার রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তবে গাড়ি ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর সকলের।
