Barbecue Fire | দার্জিলিংয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া নিকিতা সাহার মৃত্যু

Nikita Saha dies after being scorched by a barbecue fire in Darjeeling
Nikita Saha dies after being scorched by a barbecue fire in Darjeeling

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হানিমুনে গিয়ে আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম হওয়া উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা নিকিতা সাহার বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সিটংয়ে হানিমুন চলাকালীন বারবিকিউয়ের আগুনে মারাত্মকভাবে ঝলসে যাওয়ার পর তিনি প্রায় দু’মাস ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন নিকিতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এরপর তাঁকে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর স্বামী সৌভিক দাসের সঙ্গে হানিমুন উদযাপনের উদ্দেশ্যে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার সিটংয়ে গিয়েছিলেন নিকিতা। সেখানে একটি হোমস্টেতে রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় আচমকাই আগুন ভয়াবহ আকার নেয় এবং নিকিতা ওই আগুনের ঝলসে যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়।এই ঘটনার জন্য হোমস্টে কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন স্বামী সৌভিক দাস। তাঁর অভিযোগ ছিল, জ্বলন্ত আগুনে তেলের ড্রাম বা পাত্র ফেলায় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে এবং নিকিতা অগ্নিদগ্ধ হন।

পরিবারের দাবি, প্রাথমিক পর্যায়ে নিকিতাকে বাঙুর হাসপাতালের সিসিইউ-তে রাখা হয়েছিল। পরবর্তীতে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে কয়েক দিন পর তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি ঘটে এবং পুনরায় সিসিইউ-এর প্রয়োজন দেখা দেয়। পরিবারের অভিযোগ, সেই সময় হাসপাতালে সিসিইউ বেড খালি না থাকায় তাঁকে জেনারেল ওয়ার্ডেই থাকতে হয়। পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠলে পরিজনরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

সৌভিকের ভাই ঋতম বসাক জানান, শেষের দিনগুলোতে নিকিতার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। রক্তের প্রয়োজন হলেও তাঁর শরীর রক্ত নিতে পারছিল না। বেসরকারি হাসপাতালে মৃত কোষ বাদ দেওয়ার জন্য একটি অস্ত্রোপচার করা হয়, কিন্তু তার পর থেকেই গলার কাছ থেকে রক্তক্ষরণ শুরু হয়, যা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তিনি আরও জানান, আর্থিক প্রয়োজনে সৌভিক বুধবার কলকাতা থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে নিকিতার মৃত্যুর খবর আসে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।নিকিতার মৃত্যুর পর সিটংয়ের সংশ্লিষ্ট হোমস্টে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার পর পুলিশ হোমস্টের মালিক ও কর্মচারীসহ বেশ কয়েকজনকে গ্রেফচআর করেছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…