Primary schools | আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম, রাজ্যের প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর সিদ্ধান্ত

Primary schools
Primary schools

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে আরও এক ধাপ এগোল সরকার। এবার আরও ৩ হাজার ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে চলেছে পঞ্চম শ্রেণির পঠনপাঠন। বুধবার স্কুলশিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। শিক্ষার অধিকার আইন মেনেই প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্তির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ারে ৮১টি, বাঁকুড়ায় ৫১টি, বীরভূমে ১১৩টি, কোচবিহারে ১০৯টি, দক্ষিণ দিনাজপুরে ৮৯টি, হুগলিতে ২১১টি, হাওড়ায় ১০৮টি, জলপাইগুড়িতে ১০১টি, ঝাড়গ্রামে একটি ও কলকাতায় ২৭টি প্রাথমিকে স্কুলে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হবে। তবে সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহল। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “প্রতি বছর যদি এই সংখ্যায় প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু করা হয়, তা হলে রাজ্যের সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু করতে অন্তত কুড়ি বছর সময় লেগে যাবে। আমরা মনে করি সরকারের একটা স্পেশাল ড্রাইভ দিয়ে পরিকাঠামো উন্নয়ন করে দু’বছরের মধ্যেই সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু করা উচিত।”

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর পর্যবেক্ষণ, “বিগত বছরগুলি থেকে এটি চলছে। দেখতে হবে প্রাইমারি স্কুলগুলির পর্যাপ্ত শিক্ষক এবং পরিকাঠামো যেন উন্নত করা হয়। তা না হলে অভিভাবকরা সেই প্রাইমারি স্কুলে ভর্তি না করিয়ে বাধ্য হয়ে বেসরকারি স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাবে। সেটি নিশ্চিত করা হোক।”

ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালু হলেও রাজ্যের সব স্কুল এখনও এই ব্যবস্থার আওতায় আসেনি। শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে আরও ৩,১৯৯টি স্কুলে পঞ্চম শ্রেণি চালু হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৫,৮৬৮। অথচ রাজ্যে সরকারি ও সরকার পোষিত প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫০ হাজার। এই পরিস্থিতিতে শিক্ষক সঙ্কট নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৬,৭৬৯টি প্রাথমিক স্কুল চলছে মাত্র একজন শিক্ষককে নিয়ে। ফলে নতুন শ্রেণি চালুর পাশাপাশি পরিকাঠামো ও শিক্ষক নিয়োগ নিয়েও উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…