
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জীবনের কঠিন সময় কাটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর আশায় এবার জ্যোতিষ ও আধ্যাত্মিকতার পথে বলিউড অভিনেতা শরদ কাপুর! সম্প্রতি অভিনেতার বাড়িতে হাজির হন তনয় শাস্ত্রী। তাঁর কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেন শরদ। শুধু তাই নয়, তনয় শাস্ত্রীকে নিজের গুরুজি হিসেবেও মেনে নেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন অভিনেতা। অন্যদিকে, শরদ কাপুরের ভবিষ্যৎ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তনয় শাস্ত্রী। তাঁর দাবি, ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই অভিনেতার জীবনে সুসময় ফিরে আসবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। যদিও পরবর্তীতে জামিনে মুক্তি পান তনয়। এবার সেই তনয় শাস্ত্রীর কাছ থেকেই দীক্ষা নিলেন বলিউড অভিনেতা শরদ কাপুর।
একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন শরদ কাপুর। শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে কাজের অভাবের পাশাপাশি শারীরিক সমস্যাতেও জর্জরিত অভিনেতা। তাঁর চেহারাতেও এসেছে আমূল পরিবর্তন। এই পরিস্থিতিতে অভিনয় জগতে ফেরার জন্য বলিউডের সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ একাধিক তারকার কাছে কাজের সুযোগ চেয়েছিলেন শরদ। সেখানে নিজের আর্থিক সংকটের পাশাপাশি মানসিক ও শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন অভিনেতা। তাঁর মতে, অভিনয়ে ফেরাই বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অন্যতম পথ। এমনকি তাঁর সেই আবেদন ঘিরে চর্চার মধ্যেই হলিউড থেকেও কাজের প্রস্তাব পাওয়ার খবর সামনে আসে।
এরই মধ্যে শরদ কাপুরের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন তনয় শাস্ত্রী। বেশ কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানোর পর অভিনেতার হাত ধরে তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শরদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তনয়ের কথায়, শরদ একজন ভালো মানুষ এবং প্রতিভাবান অভিনেতা। তাঁর অভিনীত একাধিক সিনেমা তিনি দেখেছেন বলেও জানান।
অন্যদিকে, তনয় শাস্ত্রীর কাছ থেকে দীক্ষা নেওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন শরদ কাপুর। অভিনেতার দাবি, জীবনে প্রথমবার তিনি কারও কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তনয় শাস্ত্রীকেই নিজের গুরুজি হিসেবে মানবেন এবং তাঁর অনুমতি নিয়েই ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। সব মিলিয়ে, কর্মজীবনের অনিশ্চয়তা ও ব্যক্তিগত প্রতিকূলতার মাঝে নতুন করে আশার আলো খুঁজছেন শরদ কাপুর। তনয় শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা মেলে এবং ২০২৭ সালে সত্যিই অভিনয় জগতে নতুন ইনিংস শুরু করতে পারেন কি না, এখন সেদিকেই নজর অনুরাগীদের।
