Diljit Dosanjh: ‘কোন গান গাইব, সেটাও বলে দেওয়া হবে?’ নিষেধাজ্ঞা নিয়ে বিস্ফোরক দিলজিৎ

Diljit Dosanjh
Diljit Dosanjh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গান গাওয়া নিয়ে একের পর এক নিষেধাজ্ঞা ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখনই ইন্দোরের কনসার্টের মঞ্চ থেকে সরব হলেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। কোন গান গাওয়া যাবে আর কোন গান নিষিদ্ধ, সেই বিতর্কের আবহেই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরির গজলের কয়েকটি পঙ্‌ক্তি উদ্ধৃত করে কার্যত প্রতিবাদী সুর শোনান দিলজিৎ। 

ইন্দোরে ১৫ নভেম্বর, রবিবার দিলজিতের অরা ইন্ডিয়া ট্যুরের অনুষ্ঠান ছিল। কিন্তু কনসার্টের আগে থেকেই তাঁর গানের তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। স্থানীয় প্রশাসনের তরফে চারটি গান পরিবেশন না করার নির্দেশ দেওয়া হয়েছিল। গানগুলির কথায় মদ, নেশার দ্রব্য এবং আগ্নেয়াস্ত্রের উল্লেখ রয়েছে। শিশুদের উপর এই গানগুলির নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানা গিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ‘পটিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘কেস’ এবং ‘জট্ট উথে ফায়ার করদা’। এই পরিস্থিতিতে মঞ্চে উঠে দিলজিৎ বলেন, ‘‘ইয়ে নেহি গানা, ও নেহি গানা, ইয়ে নেহি কর সকতে, ও নেহি কর সকতে।’’ অর্থাৎ, এই গান গাওয়া যাবে না, ওই গানও গাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না! এর পরেই প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি-র বিখ্যাত গজলের কয়েকটি পঙ্‌ক্তি আবৃত্তি করেন তিনি।পাশাপাশি বলেন, ‘আগর খিলাফ হ্যায় তো হোনে দো, জান থোড়ি হ্যায়।’ তাঁর এই বক্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। 


শুধু গান নিয়ে নিষেধাজ্ঞার প্রসঙ্গেই নয়, ইন্দোরে অনুষ্ঠান করতে আসার পিছনে যে বাধা ছিল, সে কথাও দর্শকদের জানান দিলজিৎ। তিনি বলেন, তাঁকে ইন্দোরে আসা থেকে আটকানোর অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু কাউকে একবার কথা দিলে তিনি পিছিয়ে আসেন না। সমস্ত বিধিনিষেধ সত্ত্বেও তিনি যে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন, সে কথাও স্পষ্ট করেন। অনুষ্ঠানের শুরুতে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দিতেও শোনা যায় তাঁকে। তাঁর কথায়, মহাকালের এই ভূমিতে আসতে কেউ তাঁদের আটকাতে পারবেন না। কনসার্টের সেই মুহূর্তের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন গায়ক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…