
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১১ সেপ্টেম্বর, শুক্রবার রাতে মিমি চক্রবর্তীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই কার্যত চমকে উঠেছিল টলিপাড়া। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি অভিনেত্রী। শীতের মনোরম আবহে শৈলশহরেই বসবে বিয়ের আসর। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মিমির বিয়ের নিমন্ত্রণপত্র। চারপেয় পোষ্যদের বিশেষভাবে জায়গা দেওয়া সেই অভিনব নকশার কার্ড নজর কেড়েছে নেটিজেনদের। প্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরাও। নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর এবার সামনে এল মিমির রেজিস্ট্রি বিয়ের সম্ভাব্য দিনক্ষণ। কবে আইনি স্বীকৃতি পেতে চলেছে তাঁর নতুন সম্পর্ক? কবে মিস থেকে মিসেস হবেন মিমি চক্রবর্তী? তা নিয়েই এখন জোর চর্চা।
টলি ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আর মাত্র দশ দিনের অপেক্ষা। তারপরই আইনিভাবে সিদ্ধার্থের স্ত্রীর মর্যাদা পাবেন মিমি। ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের রেজেস্ট্রি ম্যারেজ! বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে। সেই জল্পনাযজ্ঞে সুরসুরি দিয়ে এবার চর্চায় রেজেস্ট্রি বিয়ের দিনক্ষণ। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ। জানা যাচ্ছে, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে যে আর বেশি সময় নেই। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছে মিমিকে। বিয়ের চর্চার মাঝেই একটি পোষ্য ক্লিনিকের উদ্বোধনে হাজির ছিলেন মিমি। সেখানেও বিয়ে নিয়ে জল্পনা কার্যত জিইয়েই রেখেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, জলপাইগুড়ির মেয়ে মিমি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবিজের জগতে পা রাখেন।

২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপে চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’। নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র বাণিজ্যিক ছবিতে দর্শক দেখতে অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা ছিল এই দু’টি চরিত্র। স্টিরিওটাইপের বাইরে হাঁটা দুই মেয়ের ভূমিকাতেই মিমি সকলের নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনেত্রী হিসেবে এমন সাফল্যের মাঝেই ২০১৯ সালে পা রাখেন রাজনীতির আঙিনাতেও। সেবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদও হন। এখন অবশ্য রাজনীতির আঙিনা থেকে সরে অভিনয়েই মনোনিবেশ করেছেন মিমি।
