
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জনরোষের মুখে পড়ে পালাতে গিয়ে পানাপুকুরে ঝাঁপ দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু তাতেও রেহাই মেলেনি। স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তাঁর পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে রাস্তায় তুলে আনেন। এরপর ফের শুরু হয় গণপ্রহার। এমনকী একটি লাইট পোস্টের সঙ্গে বেঁধেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তৃণমূলের শাসনকালে বিরোধীদের ভয় দেখানো-সহ নানা অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর এলাকায় ফিরতেই জনরোষের মুখে পড়েন ওই নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
কালনা ১ ব্লকের পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিত ঘোষ। তৃণমূল আমলে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিরোধীদের ভয় দেখানো থেকে মারধর, লুটপাটের অভিযোগও রয়েছে। রাজ্যে সরকার বদলের পরে এলাকা থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন সুমিত। দীর্ঘদিন তাঁকে এলাকায় দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে এলাকার মানুষের প্রবল ক্ষোভ ছিল বলে অভিযোগ। গতকাল, সোমবার তিনি গোপনে বাড়ি ফিরলেও সেই কথা চাপা থাকেনি। সেই কথা জানতে পেরে স্থানীয়দের একাংশ চড়াও হয় সুমিতের উপরে। জনরোষ থেকে বাঁচতে সুমিত পালাতে থাকে। ওই তৃণমূল নেতাকে কেউ লাথি মারলে রাস্তার ধারের পানাপুকুরে পড়ে গিয়েছিলেন তিনি। অতীতে ভোটের সময় নদিয়ায় তৎকালীন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে কচুবনে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই ঘটনা নিয়ে জোর শোরগোল ছড়িয়েছিল রাজ্যজুড়ে। পরে জয়প্রকাশ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। কার্যত, একইরকমভাবে কালনাতে ওই তৃণমূল নেতা পানাপুকুরে ফেলা হয়েছে বলে অভিযোগ।
পুকুরে পড়ে যাওয়ার পর রেহাই চেয়েছিলেন ওই তৃণমূল নেতা। যদিও স্থানীয়রা জলে নেমে ওই তৃণমূল নেতার পা দড়িতে বেঁধে ডাঙায় টেনে তোলে বলে অভিযোগ। ফের শুরু হয় মারধর। পুকুর থেকে উঠিয়ে রাস্তার ধারের লাইটপোস্টে বেঁধে রাখা হয়। তারপরও চলে মারধর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই তৃণমূল নেতাকে প্রথমে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ, মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা নিমাইচাঁদ মণ্ডলের কথায়, “সাধারণ মানুষের দীর্ঘদিন থেকেই ক্ষোভ ছিল। সেকারণেই জনরোষে এই ঘটনা ঘটেছে। ২০২১ সালের ভোটের পর বিরোধীদের ঘরভাঙা থেকে লুট, সমবায়ের টাকা নয়ছয়ে সুমিত অভিযুক্ত। এদিন জনরোষ থেকে বিজেপির লোকজনই তাঁকে বাঁচিয়েছে।” ওই তৃণমূল নেতার বাবার বক্তব্য, মিথ্যা অভিযোগে বিজেপির লোকজন ছেলেকে মারধর করেছে।
