
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা ও দেব দীপাবলি—একই দিনে তিনটি পবিত্র ধর্মীয় উৎসব। এই বিশেষ দিনে মঙ্গলবার সকালে বালির গুরুদ্বারে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছতেই গুরুদ্বার কমিটির সদস্যরা উত্তরীয় ও শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এরপর গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। গুরুদ্বারে উপস্থিত অন্যান্য ভক্তদের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত শোনার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এদিন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা গুরুদ্বার চত্বরের উন্নয়ন ও বিভিন্ন পরিকাঠামোগত কাজের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। তাঁদের সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাজ করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার, নানক জয়ন্তীর সকালে বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন করে আত্মীয়তার বার্তা দিলেন। বললেন, ‘‘যখন আমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছুই ছিলাম না, তখন থেকে এঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার ক্ষমতা, পদ কিছুই দেখেননি এঁরা। সেই থেকে আমার সঙ্গে ওঁদের নিবিড় সম্পর্ক। আগেও গুরু নানকের জন্মজয়ন্তী, প্রকাশ পরবে আমি এখানে এসেছিলাম। ৩৫০ বর্ষপূর্তিতে আমি ওঁদের জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজও এসেছি। এই গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টারের কথা ওঁরা আমাকে গত বছর বলেছিলেন। তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না। কিন্তু ব্যক্তিগতভাবে কাজটা করে দেওয়ার কথা বলেছিলাম। আজ কথা দিয়েছি, সরকারি উদ্যোগে করে দেব।”
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় সমস্ত ধর্মীয় উৎসবে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিরসা-মুন্ডার জন্মজয়ন্তীতে হুল দিবস থেকে শুরু করে গোবর্ধন পুজো, জগদ্ধাত্রী থেকে ছটপুজো – সবেতেই অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শিখদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুরু নানক জয়ন্তীতেও তার ব্যতিক্রম ঘটল না। সকাল সকাল বালির পুরনো গুরুদ্বারে গিয়ে অনুষ্ঠানে শামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নতুন করে আত্মীয়তার বার্তা দিলেন। শিখদের দাবিদাওয়া মেনে দিলেন কাজ করার আশ্বাসও। বারবার মনে করালেন, তাঁরা সঙ্গে শিখ সম্প্রদায়ের পুরনো সম্পর্কের কথা। সাম্প্রতিক অতীতে শিখ পুলিশ অফিসারকে শুভেন্দুর ‘খলিস্তানি’ তকমা দেওয়ার বিতর্ক এখনও সকলে ভোলেননি। এদিন তাঁর গুরুদ্বার পরিদর্শন কি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার প্রচেষ্টা? মৃদু হলেও এই প্রশ্ন উঠছে।
