
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে কোচবিহারের আমবাড়ি এলাকায় ঘটে গেল বড়সড় সেতু বিপর্যয়। ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর থাকা প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়ল ভারী ট্রাকের চাপে। জানা গিয়েছে, রেলের ভারী সরঞ্জাম বোঝাই একটি বড় ট্রাক সেতুর উপর উঠতেই সেটি হুড়মুড়িয়ে ভেঙে যায়। মুহূর্তের মধ্যে দু’ভাগ হয়ে ক্যানালের জলে তলিয়ে যায় সেতুর একটি বড় অংশ। এই ঘটনায় আশপাশের একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর অন্য প্রান্তে রয়েছে একটি হাইস্কুল ও স্থানীয় বাজার। সপ্তাহের প্রথম কর্মদিবসেই এমন বিপর্যয়ের জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিডিওর উদ্যোগে ইতিমধ্যেই বিকল্প অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।
কোচবিহার দু’নম্বর ব্লকের আমবাড়ি ও বোকালীর মঠ এলাকার মাঝে ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর তৈরি সেতুটি ব্যবহার করেন কয়েক হাজার মানুষ। দুর্বল সেতু বলে পরিচিত এর উপর দিয়ে সাধারণত হালকা যানবাহন চলে। কিন্তু সোমবার সকালে রেলের কাজের জন্য এই সেতুর উপর দিয়ে যাচ্ছিল তিনটি ট্রাক। তাতে ছিল রেলের ভারী সরঞ্জাম। দুটি ট্রাক সেতুর উপর দিয়ে চলে গেলেও তৃতীয় ট্রাকটি উঠতেই আর চাপ সহ্য করতে পারেনি দুর্বল সেতু। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
