
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত নন রেখা পাত্র। শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হলেও তাঁর স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়ার প্রভাবে বিজেপি বিধায়কের মুখে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল। তিনি পুরোপুরি সচেতন না থাকায় সেই লালারস ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সিটি স্ক্যানের রিপোর্টেও এই সমস্যার বিষয়টি ধরা পড়েছে।
হাসপাতাল সূত্রে এ-ও জানানো হয়েছে যে, রেখার শরীরে রক্তচাপের মাত্রা, ক্রিয়েটিনিন, ইউরিয়া নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে। সেটি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক। পরে অবস্থার তেমন উন্নতি না-হওয়ায় তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। রেখার রেফারেল কার্ডে লেখা হয়, রোগীর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড গিয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন।’ ওই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০, নাড়ির স্পন্দন ছিল প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার করে অক্সিজেন প্রয়োজন হচ্ছিল তাঁর। রেফারেল কার্ডে চিকিৎসকেরা আরও জানিয়েছেন, রোগী ঝিমিয়ে পড়েছিলেন। ডাকলেও খুব একটা সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। তার পরেই কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়।
হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কের শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছে বলে দাবি করে তাঁর পরিবার। কলকাতার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। রবিবার সকালে অবস্থা ছিল সঙ্কটজনক। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বিধায়ক আগের চেয়ে ভাল আছেন। বসিরহাট জেলা হাসপাতাল থেকে শনিবার রাত ৩টেয় রেখাকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দবাজার ডট কম-এর হাতে হাসপাতালের সেই নথি রয়েছে। রেফারেল কার্ড অনুযায়ী পরিবারের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ (ভেষজ কীটনাশক) গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, সন্দেশখালির তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রেখা। তার পরপরই লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় বিজেপি। কিন্তু বসিরহাট কেন্দ্রে তখন তিনি জিততে পারেননি। পরে ২০২৬ সালের বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হয়েছেন। জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কিছু দিন আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন রেখা। তাঁকে জেলার অনুষ্ঠানে ডাকা হয় না বলে অনুযোগ করেছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে দলের অন্দরে উদ্বেগ রয়েছে।
