
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সেনাবাহিনীর নিয়মিত মহড়া চলাকালীন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সাঁজোয়া ট্যাঙ্কের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন দুই সেনা জওয়ান। শনিবার দুপুরে হরিয়ানার হিসার জেলার ভোজরাজ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই জওয়ানের পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম মণীশ কুমার ও অঙ্কুশ কুমার। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন।হিসার থানার তরফে জানা যাচ্ছে, শনিবার দুপুর ৩টে নাগাদ ভোজরাজ গ্রামে শুরু হয় সেনার মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছিলেন সেনাবাহিনীর ৩২টি ট্যাঙ্ক। এরই একটিতে বসে ছিলেন অঙ্কুর ও মণীশ। একসঙ্গে এতগুলি ট্যাঙ্ক চলার কারণে ধুলোয় ঢেকে যায় গোটা অঞ্চল। এই অবস্থায় কোনওভাবে ট্যাঙ্ক থেকে পড়ে যান সামনে বসে থাকা দুই জওয়ান। প্রবল ধুলোর জেরে চালক বুঝতেও পারেননি সামনে বসে থাকা দুই জওয়ান পড়ে গিয়েছে। এই অবস্থায় দু’জনের শরীরের উপর দিয়ে চলে যায় বিরাট লোহার ট্যাঙ্কটি। ঘটনায় পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দু’জনের দেহ ময়নাতদন্ত করা হয়েছে।
মৃত দুই জওয়ানের মধ্যে মণীশের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে এবং অঙ্কুশ উত্তরপ্রদেশের বদায়ুনের বাসিন্দা। পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার বাড়ির লোকজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অঙ্কুশ। রবিবার ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তবে তার আগেই মর্মান্তিক পরিণতি হল ওই জওয়ানের।
উল্লেখ্য, সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মহড়ার সময় দুর্ঘটনার ঘটনা অতীতেও ঘটেছে। ২০২৪ সালে রাজস্থানের বিকানেরে ট্যাঙ্কে গোলা ভরার সময় বিস্ফোরণে প্রাণ হারান দুই জওয়ান। ওই ঘটনায় আরও এক সেনাকর্মী গুরুতর আহত হয়েছিলেন। একই বছর মহারাষ্ট্রের নাসিকের দেওলালি ফিল্ড ফায়ারিং রেঞ্জেও ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় ফিল্ড গানের গোলা ফেটে মৃত্যু হয় দুই অগ্নিবীর জওয়ান গোহিল বিশ্বরাজ সিং এবং সৈকত শিটের।
