Pakistani minister | সিন্ধুর জল নিয়ে প্রশ্ন শুনেই অস্বস্তি! ভারতে এসে ‘সহজ বিষয়’ নিয়ে কথা বলতে চাইলেন পাক মন্ত্রী

Pakistani minister Musadik Masood Malik.
Pakistani minister Musadik Masood Malik.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। পহেলগাঁও জঙ্গি হামলা এবং ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। এমন আবহে তাঁর ভারত সফর ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে রবিবার সন্ত্রাসবাদ এবং সিন্ধু জলচুক্তি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন পাক মন্ত্রী। অস্বস্তি এড়াতে সরাসরি জবাব না দিয়ে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত বলেন, "আমরা বরং সহজ বিষয় নিয়ে কথা বলি।"

গত বছর পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর সিন্ধু জলচুক্তি বাতিল করেছিল ভারত সরকার। এই অবস্থায় জলের জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। যদিও ভারত নিজের সিদ্ধান্তে আজও অটল। এই অবস্থায় ভারত সফরে এসে রবিবার সিন্ধু জলচুক্তি ও সন্ত্রাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাক মন্ত্রী। যদিও সে প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “প্রথমে সহজ বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক। তারপর আমরা পাকিস্তান সম্পর্কিত আরও জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে পারি।” সুর নরম করে মালিক আরও বলেন, “আমি বিশ্বাস করি এই অঞ্চলে শান্তি থাকা উচিত। সমস্যাগুলির সমাধান হওয়া উচিত। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দরিদ্র মানুষগুলির সমস্যার সুরাহা। ৮-১০টি দেশের রাষ্ট্রনেতারা এখানে উপস্থিত হয়েছে। আসুন আমরা সামনে এগিয়ে যাওয়ার পথ বের করি।”

পাশাপাশি মালিক নিজেই স্পষ্ট করেন, “এটা দ্বিপাক্ষিক আমন্ত্রণ নয়, দ্বিপাক্ষিক আলোচনাও নয়। এটা সভ্যতার সংলাপ। আমরা সভ্যতার সব দিক নিয়ে কথা বলব।” উল্লেখ্য, সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন এই মন্ত্রী। এবার দিল্লিতে এসে সুর একেবারে নেমে এল তাঁর। মন্ত্রী আরও বলেন, ভূ-রাজনৈতিক পরিবর্তনের সময়ে আঞ্চলিক দেশগুলির মধ্যে সম্পর্ক উন্নতির সুযোগ তৈরি হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়ালও জানিয়েছেন, পাক মন্ত্রীর সঙ্গে কোনও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তবে খাওয়ার টেবিলে ও ফোরামের ফাঁকে কিছু কথাবার্তা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের মন্ত্রীকে ভারতে স্বাগত জানানোর ঘটনায় সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রশ্ন তুলেছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ‘হাত কেটে নেওয়ার’ হুমকি দেওয়া নেতাকে কেন দিল্লিতে আমন্ত্রণ জানানো হল? কংগ্রেসের এই আক্রমণের পালটা জবাব দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের বক্তব্য, পাকিস্তানকে আলাদা করে কোনও বিশেষ আমন্ত্রণ জানানো হয়নি। সন্ত্রাসবাদ চললে ইসলামাবাদের সঙ্গে কোনও আলোচনা নয়, ভারতের এই অবস্থান এখনও অপরিবর্তিত। তবে এসসিও একটি বহুপাক্ষিক মঞ্চ হওয়ায় সেখানে পাকিস্তানের প্রতিনিধির উপস্থিতি আলাদা বিষয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…