Weather Update | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে কি এবার জাঁকিয়ে শীত বাংলায়?

Weather Update
Weather Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতেই রবিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা মিলেছিল রোদের। কিন্তু সোমবার সকাল হতেই বদলে গেল আবহাওয়ার ছবি। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল কলকাতা-সহ একাধিক জেলা। কমে গেল দৃশ্যমানতাও। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন, ফের কি বৃষ্টির ভ্রুকুটি, নাকি এবার বাংলায় পাকাপাকিভাবে শীতের আগমন? আবহাওয়ার পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে বাড়ছে কৌতূহল।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট ও অসমে। সোমবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়া বৃষ্টিতে ভিজতে পারে। তবে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। ফিরবে শীতের আমেজও।

মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে বেশি শীত অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে মঙ্গলবার থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। পাল্লা দিয়ে কমবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে হালকা রোদের দেখা মিলতে পারে। তবে বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৮৩ থেকে ১০০ শতাংশের মধ্যে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…