PM Modi: ‘লাল ঝান্ডা দেখিয়ে সংস্থাকে তাড়িয়েছে’, বাম আমলকে নিশানা করে মোদীর তীব্র আক্রমণ

PM Narendra Modi
PM Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘দিমাগি নকশাল’ চিহ্নিত করার আহ্বান আগেই জানিয়েছিলেন। এবার শনিবার খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে বামপন্থীদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প ও প্রযুক্তির বিকাশের পথে বাধা সৃষ্টির অভিযোগ তুলে ‘লাল ঝান্ডা’কে নিশানা করেন তিনি। মোদীর কথায়, “৫০ বছর আগেই ভারত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারত। সংস্থাও এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল।” একই সঙ্গে পড়ুয়াদের উদ্দেশে ‘ব্রেক দ্য লিমিটস’ মন্ত্র দিয়ে বড় স্বপ্ন দেখার এবং সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। 

খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়ে একটি বিশেষ স্মারক মুদ্রারও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর আগে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তাঁদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের কথা শোনেন। পরে মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরেন মোদী। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, “আমার সামনে দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বসে রয়েছে।” পাশাপাশি খড়্গপুর আইআইটিতে দীপাবলি উদযাপনের দীর্ঘদিনের ঐতিহ্যের কথাও তাঁর ভাষণে উঠে আসে। ২০৪৭-এ বিকশিত ভারতের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘খড়্গপুর IIT-র পড়ুয়ারাই বিকশিত ভারত গঠনে নেতৃত্ব দেবেন।’ আগামী দুই দশক তাই এখানকার পড়ুয়াদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘আমার একটা মন্ত্র আছে, নেশনস ফার্স্ট।’ পড়ুয়াদেরও এই মন্ত্রে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। 

স্টার্টআপ থেকে শুরু করে স্পেস — একাধিক সেক্টরে খড়্গপুর IIT-র পড়ুয়ারা দাপটের সঙ্গে কাজ করছেন জানিয়ে সেমিকন্ডাক্টর চিপের প্রসঙ্গ তোলেন তিনি। সেই সূত্রেই একহাত নেন বামপন্থীদের। তাঁর কথায়, ‘৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়।’ দেরিতে শুরু করলেও ভারত আজ চিপ রপ্তানি করছে বলে মন্তব্য করেন তিনি। নাম না করে কংগ্রেসকেও নিশানা করেন তিনি। মোদীর কথায়, ‘পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়নি। সব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে।’ দারিদ্র দূর করার লক্ষ্যেই শৌচাগার থেকে উজ্জ্বলা যোজনার মতো একাধিক প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘চিপ থেকে শিপ — সবই ভারতে তৈরি হবে।’ 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…