Bengali Song in GTA-6: চার দশকের অপেক্ষার অবসান! GTA 6-এর হাত ধরে বিশ্বদরবারে বাঙালি গায়িকার বাংলা গান

Bengali Singer Rupa Biswas
Bengali Singer Rupa Biswas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভাগ্যের লিখন যে কখন কীভাবে বদলে যায়, তারই যেন এক অনন্য উদাহরণ বাঙালি গায়িকা রূপা বিশ্বাসের জীবন। ৪৪ বছর আগে যে গানের ক্যাসেট বাজারে সেভাবে সাড়া ফেলতে পারেনি, যে গান একসময় সীমাবদ্ধ ছিল হাতে গোনা কয়েকটি অভিজাত পরিবারের ড্রয়িংরুমে, আজ সেই গানই পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে। হতাশা ও অভিমানে একসময় সঙ্গীতজগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রূপা। অথচ তাঁর সেই পুরনো বাংলা গান ‘আজ শনিবার’ এবার জায়গা করে নিল বহু প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা GTA 6-এ। ১৯ নভেম্বর প্রকাশ্যে আসা এই গেমে গানটির অন্তর্ভুক্তি ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। কয়েক দশক আগে যে গান প্রাপ্য স্বীকৃতি পায়নি, সময়ের ব্যবধানে সেই গানই এখন আন্তর্জাতিক পরিচিতির নতুন ঠিকানা খুঁজে পেল। 

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘আজ শনিবার’। রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের এই গানটি ডিস্কো, জ্যাজের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অভিনব মিশেলে তৈরি হয়েছিল। কানাডায় রেকর্ড করা এই অ্যালবামে রূপার কণ্ঠের সঙ্গে সরোদ ও তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল। যে অ্যালবামের সুর-সঙ্গীতের আয়োজন করেছিলেন আলি আকবর খানপুত্র আশিস খান। সেই গানই এবার পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের গেমারদের কাছে। ‘জিটিএ ৬’-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিওয় শোনা যাচ্ছে ‘আজ শনিবার’। তবে হতাশার কথা, যে সময়ে গানটি মুক্তি পেয়েছিল সেসময়ে আমলই পায়নি।’ 

আটের দশকে ভারতে তখন ডিস্কো-জ্যাজের মতো ঘরানার প্রবল জনপ্রিয়তা। ‘আপ জ্যায়সা কোই’, ‘ডিস্কো দিওয়ানে’র মতো গানগুলো হইহই করে চলছে। বাপ্পি লাহিড়িও বলিউডকে একটু একটু করে অন্য ঘরানার সঙ্গীতের সঙ্গে পরিচয় করাচ্ছেন। ‘রাম্বা হো’, ‘ডিস্কো ড্যান্সার’ তখন আট থেকে আশির মুখে। ঠিক সেসময়েই মুক্তি পায় রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবাম। তবে প্রতিযোগিতার বাজারে বিশেষ জায়গা করে নিতে পারেনি। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে গায়িকা রূপা নিজেই জানিয়েছিলেন, তাঁর অ্যালবামের হাতে গোনা কয়েকটি কপিই মাত্র বিক্রি হয়েছিল। এমনকী নিজের অ্যালবামের ক্যাসেট কিনতে তাঁকে নিজেকেই একটি রেকর্ডের দোকানে যেতে হয়। ভেবেছিলেন, তাঁর অ্যালবাম কেনার জন্য দোকানের সামনে লাইন পড়বে। কিন্তু বাস্তবে বিপরীতটাই হল। সেপ্রেক্ষিতেই রূপা বলেছিলেন, “এরপর আর গান গাওয়ার বা নতুন করে অ্যালবাম তৈরি করার মতো মানসিক শক্তি আমার ছিল না। নতুন করে শুরু করার সাহসও পাইনি। ওই অ্যালবামকে ঘিরে আমার অনেক আশা ছিল। এমনকী নিজেও আর কখনও গানগুলো শুনিনি।” এরপর বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান মালদার মেয়ে রূপা। তবে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সেই গানই এবার তাঁকে জায়গা করে দিল বিশ্বমঞ্চে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…