
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেতা শরদ কপূরকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে সমস্যায় পড়লেন পশুকল্যাণ কর্মী হেমা চৌধরী। মুম্বইয়ের মলাডের মাঢ আইল্যান্ড সংলগ্ন ধরাবলী গ্রামে তাঁর পরিচালিত ‘বেজ়ুবান শেল্টার’-এর কাছে স্তূপ করে রাখা বিপুল পরিমাণ কাঠে রহস্যজনকভাবে আগুন লাগার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হেমা। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, শরদ কপূরকে ঘিরে চলা বিতর্কের সঙ্গে তাঁর আশ্রয়কেন্দ্রের কোনও সম্পর্ক নেই। তাহলে কেন তাঁর প্রতিষ্ঠানকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হেমার অভিযোগ, কেউ পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। তাঁর কথায়, “কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে চলে গিয়েছে।”
কে বা কারা এই ঘটনার নেপথ্যে, তা জানেন না বলে জানিয়েছেন হেমা। তবে আগুন ছড়িয়ে পড়ে তাঁর আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাতে বিপদের মুখে পড়তে পারে সেখানে থাকা পশুরা। পরিস্থিতিকে ‘প্রাণঘাতী’ বলে উল্লেখ করে তিনি বলেন, “সবচেয়ে প্রাণঘাতী বিষয় হল, আগুনটা আমার আশ্রয়কেন্দ্রেও ছড়িয়ে যেতে পারে। একেবারে পাশেই রয়েছে আমার কেন্দ্র।” হেমার দাবি, শরদের চারটি কুকুর ছাড়াও আশ্রয়কেন্দ্রের ভিতরে অন্তত ৪০টি কুকুর রয়েছে। হেমা জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রের জন্য প্রায় এক ট্রাক কাঠ দান করা হয়েছিল। তাঁর অভিযোগ, সেই কাঠের স্তূপেই কেউ জেনেশুনে আগুন ধরিয়ে দিয়েছে। এর ফলে আশপাশে থাকা পশুদের জীবন বিপন্ন হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
শুধু তা-ই নয়, প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছেন হেমা। তাঁর দাবি, আশ্রয়কেন্দ্র চালানো বন্ধ না করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। হেমার কথায়, “আমার আশ্রয়কেন্দ্র বন্ধ করানোর জন্য পশুকল্যাণের সঙ্গেই যুক্ত এক ব্যক্তি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।” পরের দিন পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। ওই ব্যক্তি যে অশালীন ভাষায় কথা বলেছিলেন, তার রেকর্ডিংও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন হেমা।
ওই ব্যক্তির বিষয়ে আরও বলতে গিয়ে হেমার অভিযোগ, তিনি শরদের বাড়িতে গিয়েছিলেন এবং তাঁকে বলেছিলেন, “সঞ্জয় দত্তের সঙ্গে কথা হয়ে গিয়েছে।” ওই ব্যক্তির সঙ্গে শিল্পপতিদের যোগাযোগ রয়েছে বলেও তিনি শুনেছেন বলে দাবি করেছেন হেমা। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি। হেমার আরও দাবি, ভিডিয়োটি পোস্ট করার পর সারা রাত ধরে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। একটি হুমকির কথা স্মরণ করে তিনি বলেন, “সবচেয়ে বড় কথা, ওরা বলেছে, ‘তোর এনজিও বন্ধ করিয়ে দেব'।”
হেমার বক্তব্য, শরদকে ঘিরে বিতর্ক বা তিনি কোনও অর্থ পেয়েছেন কি না, তার প্রভাব যেন আশ্রয়কেন্দ্রের কুকুরগুলির নিরাপত্তার উপর না পড়ে। শরদকে ওই অর্থ গ্রহণ না করার পরামর্শও দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, পশুদের যেন এই বিতর্কের মধ্যে টেনে আনা না হয়, সেই আর্জি জানিয়েছেন হেমা। নিজের সমাজমাধ্যমের পোস্টে টেলিভিশন অভিনেত্রী করিশ্মা তন্না ও ঋধিমা পণ্ডিত, জন আব্রাহাম, সমাজমাধ্যমের পরিচিত মুখ নেহা মহেশ্বরী এবং মলাডের বিধায়ক আসলাম শেখকেও ট্যাগ করেছেন হেমা।
