
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই বৈঠকে বিমল গুরুংয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রোশন গিরি, দার্জিলিঙের বিধায়ক নোমান রাই এবং কালিম্পংয়ের তোপডেন ভুটিয়া। সূত্রের খবর, বৈঠকে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের একাধিক সমস্যা, উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি ও স্থানীয় বাসিন্দাদের দাবিদাওয়া নিয়েও বৈঠকে কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যে ক্ষমতায় আসার পর পাহাড়ের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। একাধিক প্রকল্প থেকে এইমস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা বলেছেন তিনি। শুক্রবার নবান্নের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে ‘ফরাস’ বন্দোবস্ত এবং ডিআই তহবিলের মতো বিষয়গুলো উত্থাপন করেন বিমলরা। এছাড়াও জিটিএ-এর পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন বিভাগে কর্মরত ১৩৬ জন স্বেচ্ছাসেবক শিক্ষকের সমস্যা, গোর্খাল্যান্ড পার্সোনেল সদস্যদের কর্মসংস্থান, ও শহিদ পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সরকারি সহায়তার দাবিও হয়েছে। পাশাপাশি দার্জিলিয়ে ‘জল জীবন মিশন’ ও ‘অমৃত যোজনা’ প্রকল্পের যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন প্রতিনিধি দল। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত জনগোষ্ঠীর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসেও মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তার আগে জুলাই মাসের শেষের দিকেও কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি দীর্ঘ বৈঠক করেন। সেবার ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে তাঁরা গিয়েছিলেন। কয়েক মাসের ব্যবধানে আরও একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিমল।
