
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ডিজে মামলায় স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যে এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি প্রশ্ন করেন, “একজন সাংসদের এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?” গোটা ঘটনাকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেছে আদালত।
তৃণমূল জমানায় বহুবার সরাসরি বিচার ব্যবস্থা, বিচারপতিদের আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। পালাবদলের পরও কার্যত একই মেজাজে তৃণমূলের সেনাপতি। দিন কয়েক আগে অভিষেক বলেন, “বিচার ব্যবহার একাংশ নীরব দর্শক। ওরা চাইছে বিরোধীরা মারা যাক। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের জন্যই বিজেপি এভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে।” শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গেই মন্তব্য করেন বিচারপতি। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন। সাংসদের এই ধরণের মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা? এই ধরণের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যন্ত্রণাদায়ক।” যদিও ভর্ৎসনা করলেও রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত।
বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, উনি বারবার এধরণের মন্তব্য করছেন, তারপর রক্ষাকবচও পাচ্ছেন, এতে ওনার সাহস বেড়ে যাচ্ছে।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে হুমকির সুরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। পরবর্তীকালে ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। মামলার তদন্তভার পায় সিআইডি। আগেই ওই মামলায় অন্তবর্তী রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। তারপরই সিআইডির তলবে সাড়া দিয়েছিলেন। এবার বাড়ল সেই রক্ষাকবচের মেয়াদ।
