
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আতঙ্কে কার্যত জনশূন্য পুরীর সৈকত! পর্যটকদের নিরাপত্তায় ২২ নভেম্বর পর্যন্ত পুরীতে না আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। বন্ধ রাখা হচ্ছে গুন্ডিচা মন্দিরও। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন তাঁদের হোটেলের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি, মাইকিং। সি বিচে থাকা দোকানগুলির ঝাপও বন্ধ। হোটেলগুলিও প্রায় পর্যটকশূন্য। অনেকে প্ল্যান পরিবর্তন করে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে বাতিল করছেন ট্রেনের টিকিট, হোটেলের বুকিং। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় কতটা ধ্বংসাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেদিকেই নজর রেখেছে প্রশাসন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওড়িশার একাধিক নিচু ও বিপজ্জনক এলাকা থেকে ১ লক্ষের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরীর গুন্ডিচা মন্দির আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী রবিবার পর্যটকদের জন্য খুলবে এই মন্দিরের দরজা। অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরেও ভক্তদের সংখ্যা খুবই কম। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, ওডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের ছুটি। অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলেও।
ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেরে বিভিন্ন এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে আকভানের দাপটে বৃষ্টি শুরু হয়েছে বাংলাতেও। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বদলেছে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি।
