
নয়াদিল্লি, ১৯ নভেম্বর : বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি দেশের শিল্পমহলকে আত্মসমীক্ষা ও মূল্যসংযোজিত উৎপাদনে জোর দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-র শতবর্ষীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি স্পষ্ট জানান, কোনও দেশই কাঁচামাল রফতানি করে এবং তৈরি পণ্য আমদানি করে দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না।
ভারতের অর্থনৈতিক প্রগতির পরিসংখ্যান পেশ করে প্রধানমন্ত্রী বলেন, "এখন ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল বৃহৎ অর্থনীতি। শীর্ষস্থানীয় সংস্থাগুলির পূর্বাভাস অনুযায়ী, দেশ প্রায় ৭ শতাংশ হারে বৃদ্ধি অব্যাহত রাখবে। অক্টোবর মাসে আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সকলের নজর কেড়েছে— ভারতের পণ্য রফতানি প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ মাসিক পণ্য রফতানির রেকর্ড।"
তিনি আরও জানান, ভারতের এই শক্তিশালী অর্থনৈতিক পারফরম্যান্সের জেরে মুডি’স, এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস, ফিচ রেটিংস, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বৈশ্বিক সংস্থাগুলি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।
শিল্পমহলের উদ্দেশে আত্মসমীক্ষার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রাচীন শাস্ত্রে নিজের উন্নতির জন্য সচেষ্ট হওয়া, নিজেদের শক্তি চেনা এবং ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত উন্নতি করার কথা বলা হয়েছে। পরবর্তী বড় উল্লম্ফন শুরু হয় সৎ আত্মসমীক্ষার মাধ্যমে— যা ব্যক্তি, শিল্প এবং রাষ্ট্র সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ১০০ বছরের যাত্রাপথে ফিকি ভারতীয় শিল্পের বহু মাইলফলক দেখেছে; এবার আগামী ২০ বছরে ভারতীয় শিল্প কী অর্জন করতে পারে এবং ‘বিকশিত ভারত’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যে কীভাবে আরও অবদান রাখতে পারে, তা নিয়ে ভাবার সময় এসেছে।
দেশের খনিজ ও কৃষি খাতে প্রক্রিয়াকরণ ও মূল্যসংযোজনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, "ভারত এখনও লোহা রফতানি করে, অথচ প্রক্রিয়াজাত ইস্পাত আমদানি করে; এবং বিশাল বক্সাইট ভাণ্ডার থাকা সত্ত্বেও বিশেষায়িত অ্যালুমিনিয়াম পণ্য আমদানি করে। শিল্পমহলকে দেশীয় উৎপাদন শক্তিশালী করতে হবে, উন্নত প্রযুক্তি গড়ে তুলতে হবে এবং খনিজ সরবরাহ শৃঙ্খলে আরও বেশি মূল্যসংযোজন ঘটাতে হবে। কোনও দেশই গম রফতানি করে এবং পাউরুটি আমদানি করে চলতে পারে না।"
কৃষি ক্ষেত্রে কর্পোরেট বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "বিপুল কৃষি সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্ব কৃষি রপ্তানিতে ভারতের অংশীদারিত্ব মাত্র ২ থেকে ২.৫ শতাংশ। আমাদের কর্পোরেট ক্ষেত্র এখনও কৃষিতে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করে। এই পরিস্থিতির পরিবর্তনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।"
India's growth story is creating new opportunities. Our industries must be ready to seize them. Speaking at FICCI's centenary convention. @ficci_india https://t.co/tJCw2NnpjW
— Narendra Modi (@narendramodi) November 19, 2026
