North India Forecast: উত্তর ভারতে শীতের আমেজ, পঞ্জাব ও হরিয়ানায় ঘন কুয়াশার পূর্বাভাস

Winter Chill North India
Winter Chill North India

 

নয়াদিল্লি ও চণ্ডীগড়, ১৯ নভেম্বর : উত্তর ভারতের সমতল অঞ্চলে শীতের আগমনী বার্তার মাঝেই পঞ্জাব এবং হরিয়ানার বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী চার দিন পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন অংশে সকাল এবং সন্ধ্যায় ঘন কুয়াশা দেখা যাবে।

পঞ্জাবের পাঠানকোট, গুরুদাসপুর, হোশিয়ারপুর, রোপার, মোহালি, ফাজিলকা, মুক্তসর, ভাতিন্ডা, মানসা এবং অমৃতসরে ঘন কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে, হরিয়ানার কুরুক্ষেত্র, কাইথাল এবং জিন্দ জেলা বাদে রাজ্যের প্রায় সমস্ত এলাকাতেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে। কুয়াশার পাশাপাশি তাপমাত্রার পারদও আরও নামবে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বর্তমানে পূর্ব আফগানিস্তান এবং উত্তর-পশ্চিম পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৮০০ মিটার উচ্চতায় একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…