
নয়াদিল্লি, ১৯ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতের অর্থনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছেন, তার কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজিজু অভিযোগ করেন, রাহুল গান্ধী ভারতের সভ্যতা, গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে এক ধরনের ভারত-বিরোধী মানসিকতা গড়ে তুলেছেন এবং বিদেশের মাটিতে দেশকে বদনাম করছেন। উল্লেখ্য, নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় অংশ নিয়ে রাহুল গান্ধী ভারতের বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকটের কথা তুলে ধরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "এটি হতে পারে যে রাহুল গান্ধী নিজেই ভারতের বিরুদ্ধে কথা বলা এবং দেশকে বদনাম করার পথ বেছে নিয়েছেন। আবার এটিও হতে পারে যে, বিশ্বজুড়ে থাকা ভারত-বিরোধী শক্তিগুলি তাঁকে প্ররোচিত করছে। এখানে দুটি কারণই কাজ করতে পারে। তিনি একটি ভারত-বিরোধী মানসিকতা তৈরি করেছেন— কীভাবে ভারত এবং এর সভ্যতাকে খাটো করা যায়, তার ওপরই তাঁর নজর।"
বিরোধী দলনেতাকে সরাসরি নিশানা করে রিজিজু আরও বলেন, "রাহুল গান্ধী আমাদের ঐতিহ্য, আমাদের মূল বিশ্বাস, ভারতের গণতন্ত্র এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। আমার মনে হয় এটি তাঁর নিজস্ব মানসিকতা থেকে উদ্ভূত, এবং সম্ভবত বিভিন্ন বিদেশি ভারত-বিরোধী শক্তি তাঁকে উসকানি দিচ্ছে। তা না হলে একজন বিরোধী দলনেতা কীভাবে দিনরাত ভারতকে অপমান করে যেতে পারেন?"
রাহুল গান্ধীকে দুটি বিশেষ পরামর্শ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাহুল গান্ধীজির প্রতি আমার মাত্র দুটি পরামর্শ রয়েছে। আপনি এতটা স্বাধীনতা নিয়ে চলাফেরা করছেন— যা খুশি করছেন, গোপনে বিদেশ সফর করছেন এবং দেশের ভেতরে নিজের ইচ্ছামতো কাজ করছেন— আর এই সবকিছু করার পাশাপাশি ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে চলেছেন। এই মাত্রার স্বাধীনতা ভোগ করার পর দয়া করে দাবি করবেন না যে দেশে কোনো গণতন্ত্র নেই বা স্বাধীনতা শেষ হয়ে গিয়েছে। এই ধরনের কথা বলবেন না; দয়া করে নিজেকে মিথ্যা বলবেন না।"
ভারতের অর্থনীতি প্রসঙ্গে রাহুল গান্ধীর ‘মৃত অর্থনীতি’ সংক্রান্ত মন্তব্যের পাল্টা জবাবে কিরেন রিজিজু বলেন, "দ্বিতীয়ত, ভারতের অর্থনীতির বিষয়ে বলতে চাই— আজ ভারতের অর্থনীতি একটি উজ্জ্বল অর্থনীতি হিসেবে দাঁড়িয়ে আছে, যা অর্থনৈতিক বৃদ্ধির প্রকৃত চালিকাশক্তি। একে 'মৃত অর্থনীতি' বলবেন না। নিজের কাছে বা অন্যদের কাছে মিথ্যা বলবেন না। দেশের অগ্রগতিকে খাটো করে এবং ভারতকে বদনাম করে আপনি কী অর্জন করতে চান?"
