Adityanath challenges Akhilesh: ‘অযোধ্যায় দাঁড়ানোর সাহস আছে?’ অখিলেশকে ফের সরাসরি চ্যালেঞ্জ যোগীর

Samajwadi Party President Akhilesh Yadav and Uttar Pradesh CM Yogi Adityanath
Samajwadi Party President Akhilesh Yadav and Uttar Pradesh CM Yogi Adityanath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ফের অযোধ্যা থেকে নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর স্পষ্ট ঘোষণা, অখিলেশ যদি অযোধ্যা থেকে প্রার্থী হন, তাহলে তিনিও ওই কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর সরাসরি রাজনৈতিক লড়াইয়ে তাঁর কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে অখিলেশকে কটাক্ষ করে যোগীর দাবি, মুখোমুখি লড়াইয়ে নামার সাহস তাঁর নেই। তাঁর কথায়, দুর্বল মানসিকতার মানুষই সামনে থেকে লড়াই না করে পিছন থেকে আঘাত করে। এই মন্তব্য ঘিরে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে মাফিয়াদের ওপর নির্ভরশীল বলে আক্রমণ করেন এবং অভিযোগ করেন যে, তারা যুব সমাজের কর্মসংস্থান হতে দেয়নি। পাশাপাশি পূর্ববর্তী শাসনামলে আইনশৃঙ্খলার অবনতি, দাঙ্গা ও কারফিউর অভিযোগ তুলে মহিলা ও ব্যবসায়ীদের নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তিনি। এক জনসভায় চ্যালেঞ্জ ছুড়ে যোগী বলেন, “আপনি যদি অযোধ্যা থেকে আপনার মনোনয়ন জমা দেন, আমিও মনোনয়ন জমা দেব। একটি সরাসরি, মুখোমুখি লড়াই হোক।” এর আগে অক্টোবরে অখিলেশ যাদব যোগীকে অযোধ্যা থেকে নির্বাচন লড়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন, যার জবাবে যোগী পাল্টা অযোধ্যা থেকে একসঙ্গে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী সপা-র বিরুদ্ধে মাফিয়া চক্রের সঙ্গে যোগসাজশ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও শোষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, তাঁর সরকার গুন্ডামি দমন করেছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

যোগী বলেন, “যদি কেউ মাফিয়াগিরি করার চেষ্টা করে, তবে সেই মাফিয়াকে ধুলোয় মিশিয়ে দিতে বেশি সময় লাগবে না। সমাজবাদী পার্টি মানেই গুণ্ডামি, নৈরাজ্য, দাঙ্গা এবং কারফিউ। প্রত্যেক মাফিয়াই তাদের বন্ধু এবং তারা সবসময় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যেমন কুকুরের লেজ কখনও সোজা করা যায় না, তেমনি এই গুন্ডা ও মাফিয়াদেরও আইনের জোরে সোজা না করলে শোধরানো যাবে না। এবং আমাদের সরকার ঠিক তাই করছে। আমরা তাদের গুন্ডামি দমন করেছি। তাদের গলায় ফাঁস আঁটানোর প্রস্তুতি নিচ্ছি।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…