Suvendu Adhikari Meets Amit Saha | যাত্রী ভোগান্তি কমাতে মেট্রো চালুর দাবি, দিল্লিতে রেলমন্ত্রীর দ্বারস্থ শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আসন্ন পুরভোটকে সামনে রেখে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অমিত শাহের বাসভবনে দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে পুরভোটের রণকৌশল ও প্রস্তুতির পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা হয়েছে। তবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যের নিরাপত্তা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, ‘রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং মানুষের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ এখানেই প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এত দীর্ঘ আলোচনা কেন? শুধু তাই নয়, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতেই।

সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। সেই আবহে শাহর সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে শুভেন্দুর আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের আগে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনা যে গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। বৈঠকে শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরাশিল্পের তৈরি মা দুর্গার মূর্তি উপহার দেন শুভেন্দু। দিল্লি সফরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু। তবে রাজনৈতিক নজর আপাতত শাহর সঙ্গে দীর্ঘ বৈঠকেই। উপহারের কথা জানিয়ে শাহর মূল্যবান সময়, পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।


দীর্ঘদিন ধরে চিংড়িহাটায় মাত্র ৭০০ মিটার অংশের কাজ আটকে থাকায় থমকে ছিল নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্প। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই জট কাটিয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে বাকি কাজ। ইতিমধ্যেই এই রুটে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। ফলে এবার সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা চালুর অপেক্ষা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো করিডরে দ্রুত যাত্রী পরিষেবা চালু করার জন্য রেলমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানান তিনি।

এদিন বেশ কিছুক্ষণ রেলভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেন, এদিনের বৈঠক যথেষ্ট ইতিবাচক। তিনি বলেন, “চিংড়িহাটার জট কেটে গিয়েছে। যত তাড়াতাড়ি উদ্বোধন করা যায় সে প্রসঙ্গে কথা হয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রো উদ্বোধন করুন। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দিনক্ষণ স্থির করবে। তারপর জানাবে।” এদিন হিলি, নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো আটকে থাকা রেলপ্রকল্প নিয়েও কথা হয় তাঁর। বলে রাখা ভালো, এতদিন এই রেলপ্রকল্পগুলি জমি জটে আটকে ছিল। তবে বর্তমানে কেটে গিয়েছে জট। আগামী বছরের মার্চের মধ্যে ট্রেন চালু করা যায় কিনা, সে আর্জি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে কপিলমুনির আশ্রম পর্যন্ত রেল যোগাযোগ গড়ে তোলার বিষয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি এবং সমীক্ষার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। আগামী কয়েক বছরের মধ্যেই গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, রেলের মাধ্যমে পণ্য পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, প্রস্তাবিত রেল প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…