
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শক্তি ক্ষয় করে অবশেষে স্থলভাগের দিকে এগিয়ে এল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার সকালে সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে এটি। এদিন সকালের আবহাওয়া বুলেটিনে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়াবিদদের মতে, ওড়িশার গোপালপুরের কাছাকাছি এলাকায় আছড়ে পড়তে শুরু করেছে আকভান। এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে।
আকভান ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করায় পুরী-সহ ওড়িশার উপকূল এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবার গোটা দিন এই দুর্যোগ চলবে। শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ল্যান্ডফল প্রক্রিয়া দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ায় আপাতত ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি চলবে। ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, আকভানের প্রভাবে উত্তাল সমুদ্র। শুক্রবারও পুরীর সমুদ্র সৈকত বন্ধ রয়েছে। চলছে কড়া নজরদারী, মাইকিং।
আকভানের প্রভাব পড়েছে বঙ্গেও। দক্ষিণের জেলাগুলিতেও চলছে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার কলকাতা ও শহরতলীতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নীচু জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দিঘা ও মন্দারমণিতেও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ওড়িশা প্রশাসন। তাঁদের থাকার জন্য তৈরি করা হয়েছে কয়েক হাজার আশ্রয়কেন্দ্র। সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে মোট ৪২৩টি উদ্ধারকারী দল। এর মধ্যে রয়েছে ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএএফ) ৬০টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৪টি দল এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ১৩১টি দল। পাশাপাশি যে কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টার, জলযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কোস্ট গার্ডকেও।
