
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহম্মদ সিরাজের হাত ধরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ভারত। দলের প্রয়োজনে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে মাঠে নেমেছেন এই তারকা পেসার। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের প্রথম একাদশে তাঁর উপস্থিতি ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেও দলে জায়গা হয়নি সিরাজের। আর তাঁকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত ঘিরেই এবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, কোনও ক্রিকেটীয় কারণে নয়, বরং বৈষম্যমূলক রাজনীতির শিকার হয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। এবার সিরাজকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারজন পেসারকে খেলাচ্ছে ভারত- জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম তিনজন ভালো পারফর্ম করলেও প্রসিদ্ধের পারফরম্যান্স একেবারে জঘন্য। ১০০ রান দিয়েছেন, তুলেছেন মাত্র একটি উইকেট। তারপর থেকেই প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সত্ত্বেও কেন সিরাজকে রাখা হল না প্রথম একাদশে? ওই জল্পনা আরও উসকে দিয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর কথায়, “ওর নাম সিরাজ, সেটাই বাদ পড়ার কারণ হিসাবে যথেষ্ট নয় কি? ও তো ভালো পারফর্ম করছে তারপরেও দলে জায়গা পাচ্ছে না। তাহলে বাদ পড়ার নেপথ্যে কোন কারণ? এটাই একমাত্র কারণ, আমার মনে হয় বাদ দেওয়ার অন্য আর কোনও কারণ নেই। বৈষম্যটা স্পষ্টই বোঝা যাচ্ছে।”
যদিও ইমরানের এহেন মন্তব্যে পালটা সুর চড়িয়েছে বিজেপিও। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, “কংগ্রেসে লজ্জা হওয়া উচিত। এখন ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে ওরা। কংগ্রেস বলছে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কারণ ও মুসলিম। মনে রাখা উচিত, প্রত্যেক ক্রিকেটারই ভারতের জার্সি পরে নামেন, দেশের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় দলের মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতি ঢুকিয়ে ভাগ করার চেষ্টা বন্ধ করা উচিত।
২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন শামি ও সিরাজ। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপেও সিরাজ দলে ছিলেন। কিন্তু কখন যে সাদা বলের ক্রিকেট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তা বোঝাই যায়নি। এখন মাঝেমধ্যে ওয়ানডে’তে ডাকা হয়। তবে দলের আর নিয়মিত পেসার নন। এতদিন টেস্ট দলে নিয়মিত ছিলেন। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোট-আঘাতের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজ নিয়মিত খেলে গিয়েছেন। পারফর্মও করেছেন। এমনকী ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন পড়েনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে সেই সিরাজকে আচমকা বসিয়ে দেওয়া হয়।
