
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইপিএলের সঙ্গে টক্কর দিতে গিয়ে শেষ পর্যন্ত হার মানতে হল পাকিস্তান সুপার লিগকে! জনপ্রিয়তা থেকে শুরু করে অর্থের ঝনঝনানি, সব দিক থেকেই আইপিএলের কাছে পিছিয়ে পিএসএল। এবার সেই বাস্তবতা কার্যত স্বীকার করে নিলেন পিএসএলের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। আইপিএলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে না ওঠার কথা জানিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওমর স্বীকার করে নিয়েছেন, আইপিএলে যে বিরাট আর্থিক লাভের দিক আছে, যে বিপুল দর্শকসংখ্যা পিএসএল সেটার ধারেকাছে নেই। সেকারণেই দল বেচতে বাধ্য হচ্ছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধারের কথায়, “আমরা আইপিএলের সঙ্গে পেরে উঠছি না। ওদের যে বিরাট বাজার, সে তুলনায় আমাদের বাজার খুবই ছোট। আমাদের সেভাবে টাকা পয়সা দেওয়ার কেউ নেই। স্পনসর নেই, টিকিটের টাকাও নেই।”
কোয়েট্টার মালিকের কথায়, “আইপিএলে একটা বড় মার্চেন্ডাইস মার্কেট আছে। আর আমরা একটা জার্সি ১০০০ পাকিস্তানি টাকায় বিক্রি করতে চাইলে বাজারে কেউ একটা সেটা নকল করে ২০০ পাকিস্তানি টাকায় বেচে দিচ্ছে। এ তো আমাদের সঙ্গে প্রতারণা। আইপিএলের দলগুলি হোম এবং অ্যাওয়ে ম্যাচে টিকিট বেচেও প্রচুর রোজগার হয়। আজ দেখুন না আইপিএলের দলগুলির ব্র্যান্ড ভ্যালু। কত দাম পাচ্ছে।” নাদিম ওমর ঘোষণা করে দিয়েছেন, ঠিকঠাক দাম পেলে নিজের দল বেচে দেবেন। এর আগে গত মরশুমেই মুলতান সুলতানের মালিকরা দল বেচে দিয়েছেন। ফলে সার্বিকভাবে পিএসএলের করুণ দশা চলছে।আসলে পিএসএল বরাবরই বিতর্কিত। তাছাড়া সমস্যাটা হয় আইপিএলের সঙ্গে একই সময় খেলা হওয়ায়। গোটা দেশের তাবড় তাবড় তারকারা সেসময় চলে আসেন আইপিএলে খেলতে। ফলে প্রচারের আলো, স্পনসর এবং জনপ্রিয়তা সবকিছুতেই পিছিয়ে পড়ে পাক লিগ। সেকারণেই দল বেচতে বাধ্য হচ্ছেন একের পর এক মালিক।
