MS Dhoni's retirement: ধোনির মধ্যে স্পেশাল কিছু দেখেছিলেন শচীন! সৌরভকে কী বলেছিলেন মাস্টার ব্লাস্টার?

Sachin Tendulkar and MS Dhoni
Sachin Tendulkar and MS Dhoni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটজীবনের আনুষ্ঠানিক ইতি ঘটেছে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী! মাহির প্রতি অনুরাগীদের আবেগে এতটুকুও ভাটা পড়েনি। অবসরের খবর প্রকাশ্যে আসার পর সময় যতই গড়াচ্ছে, দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা ও ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠছে। 

শচীন তেন্ডুলকর। রোহিত শর্মা। জশপ্রীত বুমরাহ। সুরেশ রায়না। সূর্যকুমার যাদব। তিলক বর্মা। কে বললেন না তাঁকে নিয়ে? কে বাদ গেলেন? এখানে লিখে রাখা যাক, মঙ্গলবারই ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে আইপিএল থেকে অবসরে চলে গিয়েছেন ধোনি। যার পর থেকে রীতিমতো তোলপাড় চলছে বিশ্বক্রিকেটে। বুধবারও তার ব্যতিক্রম ঘটেনি। এ দিন ধোনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখে দেন, ‘আমার এখনও মনে আছে, বাংলাদেশে ধোনিকে ব্যাট করতে দেখার পর সৌরভকে বলেছিলাম, এ ছেলের পাওয়ারহিটিংয়ে একটা ব্যাপার আছে। আসলে বুঝতে পেরেছিলাম, ধোনির মধ্যে এমন এক বিশেষত্ব রয়েছে, যা আর কারও নেই। আর তার পর থেকে কী অসামান্য সফরই না গেল ওর! এমএস তোমাকে বলতে চাই, তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, একসঙ্গে দু’জনে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকা, কখনও ভুলতে পারব না। আমি সব সময় বিশ্বাস করে এসেছি, তুমি স্পেশাল কিছু করবে। কিন্তু যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি কিছু করে দিয়েছো। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছো তুমি। ওয়েল প্লেড, এমএস।’ 

ক্রিকেট ঈশ্বরের লেখা থেকেই স্পষ্ট, ধোনিকে নিয়ে তিনি ঠিক কতটা আবেগপ্রবণ। সূর্যকুমার যাদব আবার লিখেছেন, ‘মাহি ভাইয়ের কাছ থেকে শিখেছি, শেষ হওয়ার আগে, কোনও কিছুই শেষ হয়ে যায় না। মাহি ভাই, হেলিকপ্টার শট আবিষ্কার করা থেকে শুরু করে ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ করা, সমস্ত-র মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছো তুমি। যা নিয়ে আজীবন কথা হবে।’ বুমরাহ লিখলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। আমার সবচেয়ে প্রিয় মানুষদেরও একজন। যার কাছে যে কোনও সময়ে যেতে পারতাম। মাহি ভাই, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা-তিনিও বা নিজেকে সামলে রাখতে পারলেন কোথায়? এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া যাক, ক্রিকেটজীবনের শুরুতে রোহিতকে কেউ যদি সবচেয়ে বেশি সমর্থন করে থাকেন, তা হলে তিনি ধোনি। যা তিনি না করলে, রোহিত আজকের রোহিত শর্মা হতেই পারতেন না। ‘তোমাকে অসম্ভব সম্মান করি ধোনি ভাই। কী অসামান্য আইপিএল কেরিয়ার তোমার! তোমার সঙ্গে একই মাঠে খেলা, নানা মুহূর্ত উপভোগ করা, চিরকাল মনে থাকবে,’ লিখে দিয়েছেন রোহিত। আর তিলক লিখেছেন, ‘আপনাকে খেলতে দেখে বড় হয়েছি আমি। নিজের খেলার উন্নতিতে আপনার সাহায্য পেয়েছি সব সময়। মাহি ভাই, আপনি যা করে গিয়েছেন, পৃথিবী ভুলতে পারবে না। নতুন ভূমিকার জন্য আপনাকে সব রকম শুভেচ্ছা।’ 

ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়নাও। চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে যিনি ‘চিন্না থালা’ নামেই পরিচিত। ‘থালা’কে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রায়না জানিয়েছেন, কেরিয়ারের শেষ পর্বেও নিজেকে ফিট রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ধোনি। অফ সিজনে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করতেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে হাঁটুর সমস্যাই তাঁর কাছে বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন উইকেটকিপিং করার ধকল সামলাতে গিয়ে প্রায়শই হাঁটু ফুলে থাকত ধোনির। জিমে অনুশীলন থেকে শুরু করে নিজেকে নতুন করে তৈরি করা, কোনও চেষ্টাতেই খামতি রাখেননি তিনি। তবে শেষ পর্যন্ত শরীর আর সেই ধকল নিতে পারছিল না।

রায়নার কথায়, চেন্নাই সুপার কিংস এবং আইপিএলের জন্য ধোনির অবদান সত্যিই অতুলনীয়। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, মানুষ হিসেবেও মাহির জনপ্রিয়তা অসাধারণ। দলের কর্পোরেট স্তরের শীর্ষকর্তা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী, সকলের কাছেই ধোনি সমানভাবে প্রিয়। তাঁর প্রতি মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…