Rahul Gandhi | মোদির বিরুদ্ধে পোস্ট করতেই রাহুলকে তোপ বিজেপির, ‘দেশদ্রোহিতার জন্য টাকা পান’!

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন রাহুল গান্ধী! কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। শুক্রবার সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে ফের প্রধানমন্ত্রীকে ‘আপোসকারী’ বলে আক্রমণ শানান তিনি। রাহুলের এই পোস্ট ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা। পালটা এক্স হ্যান্ডেলেই কংগ্রেস নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির মুখপাত্র তুহিন সিনহা। তাঁর অভিযোগ, অর্থের বিনিময়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন রাহুল গান্ধী। এই মন্তব্য ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।

দক্ষিণ চিনের শেনজেন শহরে আয়োজিত হচ্ছে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’। সেখানেই প্রথমবার কূটনীতির টেবিলে একসঙ্গে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছে সেই বৈঠক। আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা, পরমাণু অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন তিন রাষ্ট্রপ্রধান।

ওই বৈঠকের একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে রাহুল লেখেন, ‘যদি এখন কংগ্রেস ক্ষমতায় থাকত, তাহলে ভারতের প্রধানমন্ত্রীও থাকতেন এই টেবিলে। কিন্তু যে প্রধানমন্ত্রী আপোস করেন, তাঁর জায়গা হবে না এই টেবিলে।’ উল্লেখ্য, এই ছবি পোস্ট করার কয়েকঘণ্টা আগেই শিকাগো বিশ্ববিদ্যালয়ে বসে রাহুল বলেছেন, “ভারত এত বড় দেশ, সেকারণেই সমস্ত আন্তর্জাতিক আলোচনায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে, ভারত এখন এক কোণায় পড়ে রয়েছে। অন্য়দিকে পাকিস্তান কিন্তু ইরান আর আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত।” সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, “উনি সকলকেই নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছুই হয় না। কেউ বন্ধুত্বকে পাত্তা দেয় না।”

রাহুল গান্ধীর মন্তব্যের পালটা দিতে গিয়ে তুহিন সিনহা অতীতের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, শিমলা চুক্তির সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও আপোসের পথে হেঁটেছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসের শাসনকালে একাধিকবার চিন ও পাকিস্তানের সঙ্গে সমঝোতা করেছে তৎকালীন সরকার। রাহুলকে আক্রমণ করে তুহিন বলেন, ‘মনে হচ্ছে, ভারতের বদনাম করার জন্য টাকা পাচ্ছেন রাহুল গান্ধী। বাস্তব হল, আজ বিশ্বমঞ্চে ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।’ সব মিলিয়ে রাহুল গান্ধীর বিদেশ সফর ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…