Amit Shah | ‘স্থানীয় জঙ্গি শূন্য কাশ্মীর’, সন্ত্রাসবাদ নিয়ে বড় বার্তা অমিত শাহের

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশকে মাওবাদীমুক্ত ঘোষণার পর এবার কাশ্মীরে সন্ত্রাসদমনে বড় সাফল্যের দাবি কেন্দ্রের। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত ষষ্ঠ বার্ষিক অ্যান্টি টেরর কনফারেন্সে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, দীর্ঘ ৩৫ বছর পর কাশ্মীর এখন স্থানীয়ভাবে জন্ম নেওয়া জঙ্গিমুক্ত। তাঁর দাবি, উপত্যকায় আর কোনও ‘ইন্ডিয়া বর্ন’ জঙ্গি নেই। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের অভিযান ও কড়া পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

কুলগামে CRPF জওয়ানদের ক্যাম্পে হামলার পরেই উপত্যকা জুড়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তাতেই লস্কর-ই-তৈবার স্থানীয় জঙ্গি লতিফ ভাটকে খতম করেন জওয়ানরা। তার ঠিক পরের দিনই অমিত শাহ বলেন, ‘লস্করের লতিফ ভাটের মৃত্যুর পরে কাশ্মীরে আর ইন্ডিয়া বর্ন বা ভারতে জন্মানো জঙ্গি নেই। ৩৫ বছর পরে আমরা এই সাফল্য পেলাম।’ উল্লেখ্য, লতিফের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।

নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFI-র নেটওয়ার্ক ভেঙে দেওয়াকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে তুলে ধরেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘এক রাতের মধ্যে ১১টি রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা যৌথ অভিযান চালিয়ে PFI-এর নেটওয়ার্কে আঘাত হানে। এই অভিযান গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত।’ পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের নেটওয়ার্কের ৪০টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহ। দায়ের হয়েছে ১০০টিরও বেশি মামলা। গ্রেপ্তার করা হয়েছে ২৭১ জনকে।

হামলার আগেই জঙ্গিকে গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারাই একটি সফল তদন্তকারী সংস্থার সবচেয়ে বড় পরিচয় বলে মনে করেন অমিত শাহ। তাঁর কথায়, ‘দেশের সর্বত্র এই মডেলেই কাজ করতে হবে।’ রাজ্যগুলিকে নিজেদের অ্যান্টি টেররিজ়ম স্কোয়াডের (ATS) সাইবার বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তোলার পরামর্শও দেন তিনি। শাহ বলেন, ‘থানা থেকে গোয়েন্দা তথ্য ডিজি পর্যন্ত পৌঁছনোর ব্যবস্থা করতে হবে।’

NIA-র কাজের পরিধি বাড়ানো হয়েছে বলেও জানান অমিত শাহ। তিনি জানান, নতুন করে ১৬টি শাখা অফিস, দু'টি জ়োনাল অফিস এবং ৭০টি বিশেষ আদালত তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশের মাটিতে ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলে, এমন অপরাধের তদন্ত করার ক্ষমতাও এনআইএ-কে দেওয়া হয়েছে।’ NIA-র সাত জন আধিকারিক ও কর্মীর হাতে বিশেষ সম্মানও তুলে দেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…