
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘টাইম’ ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ ‘TIME100 Next India’ তালিকায় একই পরিবারের দুই সদস্যের জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বিশেষ নজর কেড়েছে। তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তাঁর ছেলে আরিয়ান খান। বাবা-ছেলের এই জোড়া সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে এখানেই চমকের শেষ নয়। আন্তর্জাতিক মঞ্চে আরও এক বিরল সম্মান অর্জন করেছেন বলিউডের ‘বাদশা’। মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন ও জ্যাক নিকলসনের মতো বিশ্বখ্যাত কিংবদন্তিদের সঙ্গে একই মঞ্চে জায়গা করে নিয়েছেন শাহরুখ। এই তালিকায় একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে তাঁর উপস্থিতি ভারতীয় চলচ্চিত্র জগতের জন্যও নিঃসন্দেহে গর্বের মুহূর্ত।
‘ভ্যারাইটি’র বিচারে সর্বকালের ১০০ জন সেরা চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম স্থানাধিকারী ‘কিং’ শাহরুখ। অনুরাগীদের পাখির চোখ শাহরুখ অভিনীত ছাব্বিশের আসন্ন ছবি ‘কিং’। তার আগেই ‘কিং’-এর বিশ্বজয়। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিটিকে তাঁর অভিনয় কেরিয়ারের সেরা ছবি হিসেবে মান্যতা দিয়েছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’। উল্লেখযোগ্য বিষয়, সেলুলয়েডের সেরা একশো সুপারস্টারের তালিকায় অন্য কোনও ভারতীয় অভিনেতা স্থান পাননি। তালিকার পয়লা নম্বরে রয়েছেন মেরিলিন মনরো। প্রথম দশে রয়েছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়েটিয়ার, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি সিনেমার কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড। সমসাময়িক তারকাদের মধ্যে একশোর তালিকায় রয়েছেন, জুলিয়া রবার্টস, অড্রে হেপবার্ন, রবার্ট ডাউনি জুনিয়র, এমা স্টোন, কেট উইন্সলেট, রবার্ট প্যাটিনসন-সহ নামজাদা বহু তারকা।

জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, জেন্ডায়ারের মতো তাবড় তারকাদের পিছনে ফেলে ৯২ নম্বর স্থান দখলকারী একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ খান। বিশ্ব চলচ্চিত্রের নামী তারকাদের পাশে একমাত্র ভারতীয় হিসেবে শাহরুখ খানের এই উপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় সিনেমার জন্যও এক উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত ‘কিং’ শাহরুখ, তা বললে অত্যুক্তি হবে না।
