
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুলিশকে হুমকি দেওয়ার মামলায় হাজিরা দিতে শুক্রবার গিরিশ পার্ক থানায় পৌঁছলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করে ঘড়ির কাঁটায় পৌনে একটা নাগাদ থানায় প্রবেশ করেন তিনি। এদিকে, বাইরে ছাতা মাথায় নিয়ে তাঁর অপেক্ষায় ছিলেন অনুগামীরা। উপস্থিত ছিলেন উপাসনা চৌধুরীও। অভিযোগ, অভিষেক থানায় ঢুকতেই বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মীরা চোর স্লোগান দিতে শুরু করেন। পালটা স্লোগানে সরব হন তৃণমূল কর্মীরাও। দুই পক্ষের স্লোগান-পালটা স্লোগান ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একসময় দু’পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়। সব মিলিয়ে অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে গিরিশ পার্ক থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পরে সরকার বদল হলে সেসব পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এনিয়ে ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন এক মহিলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাঁকে আজ অর্থাৎ ২০ নভেম্বর হাজিরার নোটিস ধরানো হয়। দুপুর ১টা নাগাদ অভিষেককে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই থানায় পৌঁছন অভিষেক। তিনি ভিতরে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালি ও কয়লা পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সিবিআই। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। পালাবদলের পর যেন মামলায় জর্জরিত হয়ে পড়েছেন তিনি। সই জাল, ডিজে মন্তব্য, পুলিশকে হুমকি-সহ একাধিক মামলায় তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে।
