
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের সান্তাক্রুজ ওয়েস্টের অভিজাত এলাকায় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। নর্থ অ্যাভিনিউ রোডের সিজনস ত্রিমূর্তি আবাসনে অবস্থিত এই তিনটি ফ্ল্যাটের মোট কার্পেট এরিয়া প্রায় ১২,২০০ বর্গফুট। শুধু বিলাসবহুল আবাসনই নয়, গাড়ি রাখার জন্য রয়েছে ন’টি নির্দিষ্ট পার্কিং স্পেসও। এই তিনটি ফ্ল্যাটের জন্য আমির খানকে প্রতি মাসে ভাড়া দিতে হবে ৩৮ লক্ষ টাকা। চার বছরের চুক্তি অনুযায়ী, পুরো মেয়াদে ভাড়ার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ১৯.৬৫ কোটি টাকা।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, পালি হিলের বেলা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টের আবাসনগুলোর পুনর্নির্মাণের জন্যই আপাতত ভাড়া ফ্ল্যাটেই থাকতে হবে খান পরিবারকে। জানা যাচ্ছে, ওই দুটি আবাসন ভেঙে ১৫ তলার নতুন ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানে অভিনেতার নামে রয়েছে ১২টি ফ্ল্যাট। রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা সিআরই ম্যাট্রিক্স (CRE Matrix)-এর নথি অনুযায়ী, আমির খান এবং ডেভেলপার সংস্থা ‘সিজনস অ্যাভিনিউস প্রপার্টিজ’-এর মধ্যে ছাব্বিশ সালের ১২ নভেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতি বছর ভাড়া পাঁচ শতাংশ করে বাড়বে। সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে ৩৮ লক্ষ টাকা, যা এক মাসের ভাড়ার সমান। ৪৮ মাসের এই লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তি শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি এবং শেষ হবে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর। বর্তমান ভাড়ার হিসাব অনুযায়ী, তিনটি ফ্ল্যাটের জন্য বছরে আমিরের খরচ হবে ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। চুক্তিতে আরও উল্লেখ রয়েছে, রক্ষণাবেক্ষণ, জলের চার্জ, সম্পত্তি কর, পুরসভার কর, এমনকী ভবিষ্যতে ধার্য হওয়া কর বহন করবেন বাড়ির মালিক। তবে ফ্ল্যাটগুলিতে কোনও ধরনের কাঠামোগত পরিবর্তন বা স্থায়ী সংযোজন করতে পারবেন না আমির খান।

এর আগে ২০২৫ সালেও মুম্বইয়ের পালি হিলে ভাড়ার চুক্তি করেছিলেন আমির। নার্গিস দত্ত রোডের উইলনোমোনা অ্যাপার্টমেন্টসে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। সেগুলির জন্য মাসিক ভাড়া ধার্য হয়েছিল ২৪.৫ লক্ষ টাকা। ২০২৫ সালের মে মাসে পাঁচ বছরের জন্য ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা ২০৩০ সালের মে মাস পর্যন্ত কার্যকর রয়েছে। চুক্তিতে ৪৫ মাসের লক-ইন পিরিয়ড রয়েছে। সিকিউরিটি ডিপোজিট হিসেবে এক কোটি ৪৬ লক্ষেরও বেশি টাকা জমা দিতে হয়েছিল বলেই খবর। সেখানেও প্রতি বছর পাঁচ শতাংশ করে ভাড়া বৃদ্ধির শর্ত রয়েছে। বান্দ্রার ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পুনর্নির্মাণের কাজ চলার কারণেই পালি হিলে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। ওই আবাসনে অভিনেতার প্রায় ১২টি ফ্ল্যাট রয়েছে বলে খবর।
