
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটিদের সবসময় নিখুঁত সাজপোশাকে দেখতে অভ্যস্ত অনুরাগীরা। সামান্য খুঁত চোখে পড়লেই শুরু হয়ে যায় ট্রোলিং, তৈরি হয় নানা মিম। তবে সবসময় যে তারকাদের সমালোচনার মুখেই পড়তে হয়, তা নয়। কখনও কখনও তাঁদের আত্মবিশ্বাসী পদক্ষেপও প্রশংসা কুড়োয় নেটপাড়ায়। ঠিক তেমনই নজর কেড়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। খোলামেলা পোশাকে নিজের শরীরের স্ট্রেচ মার্কস আড়াল করার কোনও চেষ্টাই করেননি তিনি। বরং স্বাভাবিকভাবেই তা প্রকাশ্যে এনেছেন। সন্তান জন্মের পর শরীরে এমন পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক, আর সেই বাস্তবতাকে সহজভাবে গ্রহণ করার বার্তাই দিয়েছেন মীরা। তাঁর এই আত্মবিশ্বাসী ফ্যাশন স্টেটমেন্ট ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছে বিভিন্ন মহলে।
সোশাল মিডিয়ায় উজ্জ্বল নীল বর্ণের পশ্চিমী পোশাকে মীরার উপস্থিতি ভাইরাল হতেই তাঁর এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন নেটপাড়ার সদস্যরা। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল ২০২৬ সালের আর্থশট প্রাইজের অনুষ্ঠান। সবুজ গালিচায় হাজির হয়েছিলেন দেশ-বিদেশের একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলের মাঝে নজর কেড়েছিলেন শাহিদপত্নী মীরা কাপুর। ‘আতসু’-র ২০২৬ কালেকশনের নীল সাটিন গাউনে মোহময়ী মীরা! তাঁর লুকের চেয়েও বেশি চর্চিত শরীরের স্ট্রেচ মার্কস আড়াল না করার সাহসী সিদ্ধান্ত।

আর্থশট প্রাইজের সবুজ কার্পেটে মীরার উপস্থিতির পরই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি একাধিক ছবি, ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটিজেনের একাংশ মীরার শরীরের দাগ নিয়ে হাসি মজা করলেও সিংহভাগ মানুষ কিন্তু, তাঁর আত্মবিশ্বাস এবং স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসায় মুখরিত। এক্স হ্যান্ডলে মীরার দৃশ্যমান স্ট্রেচ মার্কস নিয়ে কটাক্ষকারীদের তীব্র সমালোচনা করেন। নিন্দুকদের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি তাঁদের বলতে চাই, মাতৃত্বের এই দাগগুলি লজ্জার কোনও বিষয় নয়। বরং এগুলি সৌন্দর্যেরই একটি অংশ’। অপর এক নেটিজেনের দাবি, ‘প্রকৃত সৌন্দর্য আত্মবিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে। মীরা সেটাই প্রমাণ করেছেন।’ নেটপাড়ার এক সদস্যের মন্তব্য, ‘একজন নারী মাতৃত্বকে আপন করে নেওয়ার পর নিজের সৌন্দর্য বা শারীরিক গঠন নিয়ে চিন্তা করেন না। কিন্তু এই বিষয়টি পৃথিবীর খুব কম মানুষই বুঝতে পারেন।’ মীরার সাহসী পদক্ষেপকে সম্মান জানিয়ে এক নেটাগরিক তাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভারতের গ্রিন কার্পেটে স্ট্রেচ মার্কস দেখতে পেয়ে আমি সত্যিই খুশি। কোনও এয়ারব্রাশিং নেই। অসাধারণ সুন্দরী।’
