
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ পড়তেই আলমারি বা ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসে সাধের সোয়েটার। কিন্তু দীর্ঘদিন তুলে রাখার পর সেটি বের করতেই দেখা যায় বিপত্তি! সোয়েটারের গায়ে জমেছে ছোট ছোট রোয়া বা গুটি, যার ফলে নতুনের মতো পোশাকটিও দেখতে বেশ পুরনো লাগে। এমন পরিস্থিতিতে অনেকেই পছন্দের সোয়েটারটি আর পরতে চান না। কিন্তু সামান্য যত্নেই যদি ফিরে পাওয়া যায় তার পুরনো জেল্লা, তাহলে ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। জানেন কি, বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করেই মাত্র পাঁচ মিনিটে সোয়েটারের গায়ে জমে থাকা রোয়া অনেকটাই পরিষ্কার করা সম্ভব?
∆ কী কী করবেন?
* রেজার আর সেলোটেপ: বাথরুমে পড়ে থাকা সাধারণ দাড়ি কামানোর রেজারটা কিন্তু এখানে দারুণ কাজে দেয়। তবে নতুন ব্লেড হলে ভালো হয়। প্রথমে সোয়েটারটা বিছানার ওপর টানটান করে বিছিয়ে নিন। এবার খুব আলতো হাতে, একদিক থেকে রেজারটা টানুন। দেখবেন, জমে থাকা রোয়াগুলো কেমন সুন্দর উঠে আসছে। শুধু খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে জোরে চাপ দেবেন না। তাতে উলের সুতো কেটে যেতে পারে। রোয়া তোলার পর যদি ছোট ছোট আঁশ গায়ে লেগে থাকে, তাহলে হাতের আঙুলে চওড়া সেলোটেপ উল্টো করে পেঁচিয়ে নিন। তারপর সোয়েটারের ওপর হালকা করে চেপে তুললেই সব ময়লা আর আলগা রোয়া পরিষ্কার হয়ে যাবে।

* পিউমিস স্টোন বা সোয়েটার: চিরুনি দাড়ি কামানোর রেজার চালাতে গিয়ে যদি শখের সোয়েটার কেটে যাওয়ার ভয় থাকে, তবে আরও নিরাপদ উপায় আছে। বাজারে বা অনলাইনে খুব কম দামেই ‘সোয়েটার চিরুনি’ কিংবা ‘ফ্যাব্রিক শেভার’ কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে পরিষ্কার করলে উল কাটার কোনও ভয় থাকে না, শুধু ওপরের আলগা রোয়াগুলোই উঠে আসে। আর বাড়িতে যদি পা ঘষার সাধারণ পিউমিস স্টোন থাকে, তবে তা দিয়েও দারুণ কাজ হয়। মোটা উলের সোয়েটারের ওপর একদিকে খুব হালকা হাতে পিউমিস স্টোন ঘষলেই জট পাকানো রোয়াগুলো সহজে আলাদা হয়ে যাবে।
* কাচার সময় একটু সাবধান: রোয়া ওঠা আটকাতে হলে সোয়েটার কাচার নিয়মটাও একটু বদলাতে হবে। সাধারণ গুঁড়ো সাবান দিয়ে কখনওই উলের পোশাক কাচবেন না। ঠান্ডা জলে অল্প লিকুইড সাবান গুলে, সোয়েটারটা উল্টো করে কেচে নিন। আর একটা কথা, ধোয়ার পর দড়িতে ঝুলিয়ে বা চড়া রোদে শুকোতে দেবেন না। এতে সোয়েটারের মাপ নষ্ট হয়ে যায়, আর রোয়াও বাড়ে। ছায়ায় কোনও সমান জায়গায় তোয়ালে বিছিয়ে শুকিয়ে নিন। ব্যস, সামান্য এই যত্নেই আপনার প্রিয় সোয়েটার থাকবে একদম নতুনের মতো।
