Banana Leaf Benefits: কলাপাতায় খাবার খাওয়ার অভ্যাস জানেন? স্বাদের সঙ্গে মিলবে অ্যান্টি-অক্সিডেন্টের উপকারিতাও!

Banana Leaf Food Health Benefits Antioxidants
Banana Leaf Food Health Benefits Antioxidants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজো-পার্বণ কিংবা বিয়ের ভোজ— কলাপাতায় খাবার পরিবেশনের রীতি বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে। বিশেষত দক্ষিণ ভারতে আজও এই প্রথার জনপ্রিয়তা যথেষ্ট। সময়ের সঙ্গে কাচ, সিরামিক ও প্লাস্টিকের থালার ব্যবহার বাড়লেও কলাপাতার কদর একেবারে কমেনি। তবে এই প্রথা কি শুধুই ঐতিহ্য ও সংস্কৃতির ধারক? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও? প্রচলিত বিশ্বাস ও বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, কলাপাতায় খাবার পরিবেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য ও পরিবেশগত উপকারিতা।

চিকিৎসকদের বক্তব্য, কলাপাতার উপরিভাগে থাকে পলিফেনল নামে এক ধরনের প্রাকৃতিক যৌগ। এর মধ্যে রয়েছে ক্যাটেচিন ও গ্যালিক অ্যাসিডের মতো উপাদান। কলাপাতায় খাবার পরিবেশন করলে এই যৌগগুলির সামান্য অংশ খাবারের সঙ্গে মিশতে পারে। আর পলিফেনল পরিচিত অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে। শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব কমাতে এই উপাদানগুলি সাহায্য করতে পারে। 

কেন প্রয়োজন এই অ্যান্টি-অক্সিডেন্ট? চিকিৎসকদের ব্যাখ্যা, ঘুমের অভাব, খাদ্যতালিকায় ফাইবারের ঘাটতি এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস শরীরে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) নামে ক্ষতিকর অণুর পরিমাণ বাড়াতে পারে। এর ফলে কোষের ক্ষতি হয়। এই ধরনের অক্সিডেটিভ ক্ষতি ইনসুলিন প্রতিরোধের অন্যতম কারণ। 

আর ইনসুলিন প্রতিরোধের সঙ্গে স্থূলতা, ফ্যাটি লিভার, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সমস্যার যোগ রয়েছে। পলিফেনলের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট এই ক্ষতিকর প্রক্রিয়ার বিরুদ্ধে শরীরকে সাহায্য করতে পারে।  তবে শুধু কলাপাতায় খাবার পরিবেশন করলেই শরীরের যাবতীয় সমস্যা মিটবে, এমনটা নয়। বরং এই অভ্যাসকে স্বাস্থ্যকর জীবনযাপনের একটি ছোট অংশ হিসেবেই দেখছেন চিকিৎসকরা।

তাঁদের পরামর্শ, সপ্তাহে অন্তত এক দিন পরিবারের সবাই মিলে কলাপাতায় খাবার খান। সেই সময়ে মোবাইল ফোন সরিয়ে রাখুন, প্লাস্টিকের থালার বদলে বেছে নিন কলাপাতা। একসঙ্গে বসে খাওয়ার এই অভ্যাস শিশুদেরও খাবারের প্রতি মনোযোগী হতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে উৎসাহিত করবে।

পাশাপাশি, প্রতিটি খাবারের সঙ্গে অন্তত একটি ফল রাখুন। সহজলভ্য পেয়ারা হতে পারে ভালো বিকল্প। অর্থাৎ, খাবার পর ফল রাখা, প্রকৃতির কাছাকাছি থাকা এবং পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়ার মতো ছোট ছোট অভ্যাসই সুস্থ জীবনযাপনের ভিত গড়তে পারে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…