
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার এলেই সিনেপ্রেমীদের নজর থাকে নতুন ছবির মুক্তির দিকে। ২০ নভেম্বরও তার ব্যতিক্রম নয়। এ সপ্তাহে বড়পর্দায় আসতে চলেছে একাধিক আকর্ষণীয় ছবি। বাংলা, দক্ষিণী এবং হলিউডের ছবির সম্ভারে দর্শকদের জন্য থাকছে নানা চমক। রহস্য-রোমাঞ্চ থেকে ভৌতিক উত্তেজনা, রাজনৈতিক ষড়যন্ত্র, জীবনীভিত্তিক কাহিনি কিংবা কল্পবিজ্ঞানের জগৎ—সব ধরনের স্বাদের ছবিই রয়েছে মুক্তির তালিকায়। তাহলে আর দেরি কেন? দেখে নেওয়া যাক, এই শুক্রবার কোন কোন নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা।
১) ও.এম: অপারেশন মোল: দক্ষিণী ছবির দর্শকদের জন্য সপ্তাহের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও.এম: অপারেশন মোল’। ছবির মুখ্য ভূমিকায় ধনুষ ও মম্মুট্টি। এ ছাড়াও রয়েছেন সাই পল্লবী, শ্রীলীলা এবং নসীরুদ্দীন শাহ। জঙ্গলে চন্দনকাঠ পাচারের একটি বড় চক্রকে ঘিরে ছবির কাহিনি। অপরাধজগতের সঙ্গে প্রশাসনের সংঘাত, গোপন অভিযান এবং একাধিক জটিল সমীকরণ উঠে আসবে ছবিতে। ২০১৮ সালে ‘পেরানবু’ ছবির পরে ফের তামিল ছবিতে ফিরলেন মম্মুট্টি।
২) কালী খেতি: গ্রামীণ প্রেক্ষাপটে ভৌতিক গল্প। হরিস ইমতিয়াজ় খানের পরিচালনায় ‘কালী খেতি’ ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, শরদ কেলকর এবং নেহা সরগম। একটি গ্রামের প্রেক্ষাপটে তৈরি এই ছবির গল্পে জড়িয়ে রয়েছে ভয়, পরিবার, উত্তরাধিকার এবং অতীতের কিছু চাপা সত্য। পরিচালক ছবি সম্পর্কে জানিয়েছিলেন, কৃষিকাজের সঙ্গে ভৌতিক আবহকে মিশিয়ে এক অন্য ধরনের গল্প বলার চেষ্টা করেছেন তাঁরা। ছবিটির প্রথমে নাম ছিল ‘খেতি’। পরে নাম বদলে রাখা হয় ‘কালী খেতি’।
৩) সাধক বামাক্ষ্যাপা: বামাখ্যাপা ও তাঁর জীবন নিয়ে বড়পর্দায় নতুন ছবি, পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবির নাম ‘সাধক বামাক্ষ্যাপা’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। এ ছাড়াও রয়েছেন পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়। তারাপীঠের মা তারার একনিষ্ঠ ভক্ত বামাখ্যাপার জীবন, সাধনা এবং আধ্যাত্মিক উপলব্ধিকে কেন্দ্র করেই ছবির কাহিনি। প্রচলিত ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে কী ভাবে নিজের বিশ্বাস ও সাধনার পথ তৈরি করেছিলেন তিনি, সেই দিকটিও উঠে আসবে ছবিতে। ছবির প্রচারের জন্য তারাপীঠের মহাশ্মশানেও আয়োজন করা হয়েছিল ঝলক প্রকাশের অনুষ্ঠান।
৪) ননহে দিল: শিশুমন, বন্ধুত্ব এবং সমানাধিকারের গল্প উঠে আসবে ছবিতে। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সুনীল শেট্টী। একটি নামী স্কুলের প্রধানশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন সুনীল। রঘু নামে এক মেধাবী বালকের প্রতিভা তাঁর নজরে আসে। রঘুর বাবা পেশায় পোশাকসাফাই কর্মী। আর্থিক ও সামাজিক অবস্থানের কারণে যাতে ছেলেটি পিছিয়ে না পড়ে, সেই কথা ভেবেই তাকে ভাল স্কুলে পড়ার সুযোগ করে দেন প্রধানশিক্ষক। নতুন পরিবেশে প্রথমে নিজেকে মানিয়ে নিতে অসুবিধা হলেও ধীরে ধীরে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় রঘুর। আন্তর্জাতিক দর্শকের জন্য এই ছবির নাম রাখা হয়েছে ‘ফ্লাই হাই লিট্ল হার্টস’।
৫) দ্য হাঙ্গার গেমস: সানরাইজ় অন দ্য রিপিং: বিশ্ব জুড়ে জনপ্রিয় ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজ়ের নতুন ছবি ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ় অন দ্য রিপিং’। ছবিতে অভিনয় করেছেন জোসেফ জ়াডা, ম্যাকেনা গ্রেস, রালফ ফাইনস, জেসি প্লেমনস এবং মায়া হক। মূল ছবির সময়কালের ২৪ বছর আগের সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। কাহিনির কেন্দ্রে রয়েছে ১৬ বছরের কিশোর হেমিচ। পঞ্চাশতম হাঙ্গার গেমস-এ তাকে যোগ দিতে হয়। এই প্রতিযোগিতায় আগের তুলনায় দ্বিগুণ সংখ্যক প্রতিযোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।
৬) দ্য ক্যালকাটা ফাইল্স: কলকাতার প্রেক্ষাপটে রাজনৈতিক ষড়যন্ত্র, দুর্নীতি এবং অপরাধের গল্প নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক শৌভিক দে। তাঁর পরিচালিত বাংলা ছবি ‘দ্য ক্যালকাটা ফাইল্স’। অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, লাবণী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, চন্দন সেন, গৌরব রায়চৌধুরী এবং অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে কাহিনি এগোয়। শুরু হয় তদন্ত। তদন্ত যত এগোয়, ততই প্রকাশ্যে আসে রাজনৈতিক প্রভাব, অপরাধ এবং ক্ষমতার অপব্যবহারের নানা দিক।
৭) এবেনেজ়ার: চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে হলিউডের নতুন ছবি ‘এবেনেজ়ার’। পরিচালনায় টি ওয়েস্ট। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। এ ছাড়াও রয়েছেন রুপার্ট গ্রিন্ট, ডেইজ়ি রিডলি প্রমুখ। গল্পের কেন্দ্রে রয়েছে অর্থলোভী ব্যবসায়ী এবেনেজ়ার স্ক্রুজ। বড়দিনের আগের রাতে তার সামনে হাজির হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন আত্মা। তাঁদের মাধ্যমে নিজের জীবনের ভুল, নিষ্ঠুরতা এবং স্বার্থপরতার মুখোমুখি হতে হয় তাকে। জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়ার জন্য শুরু হয় এক অদ্ভুত লড়াই।
৮) নজরবন্দি: রহস্য, সম্পর্কের টানাপড়েন এবং সাইবার অপরাধের গল্প নিয়ে আসছে দেবারতি ভৌমিক পরিচালিত বাংলা ছবি ‘নজরবন্দি’। মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও রয়েছেন পায়েল সরকার, দর্শনা বণিক, রাজনন্দিনী পাল, অনিন্দিতা বসু, দেবলীনা কুমার, লাবণী সরকার এবং চান্দ্রেয়ী ঘোষ। ছবির কেন্দ্রে অনামিকা সেনগুপ্ত নামে এক বিত্তশালী শিল্পী। স্পষ্টবক্তা অনামিকার জীবনে আচমকাই নেমে আসে বিপর্যয়। সাইবার প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের জালে জড়িয়ে পড়ে সে। একের পর এক গোপন তথ্য উঠে আসতে থাকলে বদলে যায় তার পরিচিত জীবন। ছবিটির অন্যতম আকর্ষণ, বাংলা ছবির একাধিক অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে।
