
জলপাইগুড়ি, ২০ নভেম্বর : জলপাইগুড়ির তিস্তা সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একটি বাইকের তিন আরোহী। বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকটি জলপাইগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। বাইকটিতে তিনজন ছিলেন।
জানা গেছে, তিস্তা সেতুর মাঝবরাবর পৌঁছানোর পর বাইকটি আচমকাই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। বাইকে থাকা তিনজনই ছিটকে সেতুর ওপর পড়েন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত তিনজনের নাম এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি| পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর তিস্তা সেতুর একদিকের লেনে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
