
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:অখণ্ড ভারত ধর্মের ভিত্তিতেই বিভক্ত হয়েছিল, ভাষার ভিত্তিতে নয়। আর দেশভাগের পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। তাঁর কথায়, ‘‘বাংলাদেশে আমাদের ভাইদের রক্ত ঝরছে। একজন বাঙালি হিন্দু হিসেবে বলছি, এর প্রতিবাদে আমাদের রাস্তায় নামতে হবে।’’ একইসঙ্গে দেশভাগের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেন শমীক। তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রধানমন্ত্রী হলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হতে দিতেন না।
ক্ষমতাচ্যুত হওয়ার বছর দুই পর দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা। ডিসেম্বরে বিজয় দিবসের প্রাক্কালেই তাঁর ফেরার কথা। আর তা নিয়েই এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ চোরাগোপ্তা আক্রমণ করছে লাগাতার। তা রুখতে পুলিশ প্রশাসনের পালটা দমনপীড়নও চলছে। হাসিনার সংসদীয় এলাকা গোপালগঞ্জ, হিন্দু অধ্যুষিত নড়াইলে বিএনপি নেতাদের বাড়ি, ঘরদোর জ্বলেছে দু’পক্ষের সংঘর্ষে। ঘটেছে প্রাণহানিও। আক্রমণের মুখে সংখ্যালঘু হিন্দুরা। হাসিনা ও আওয়ামি লিগকে রুখতে বিরোধী দল জামাতের হাত ধরেছে শাসক বিএনপি। এই অবস্থায় তারেক রহমান সরকারের অভিযোগ, অশান্তির পিছনে হাসিনার ‘আশ্রয়দাতা’ দিল্লির কলকাঠি রয়েছে। যদিও তা একবাক্যে উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
এনিয়ে রবিবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘‘বাংলাদেশে হিন্দু নির্যাতন, অশান্তি – এসব নিয়ে যা বলার বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুদের ভুল বুঝিয়ে ব্রিটিশরা এই দেশ ভাগ করেছিল। ভাষা নয়, দ্বিজাতি নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করা হয়েছিল। তখন আশু কর্তব্য ছিল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনতাকে বাঁচানোষ। কিন্তু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল তারা। যদি সেদিন নেতাজি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি বলতেন যে দ্বিজাতি তত্ত্ব তিনি মানেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী, তাই দেশভাগ হতে দেবেন না।”এরপরই শমীকের আহ্বান, ‘‘ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। আমাদেরই ভাইয়ের রক্ত ঝরছে। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে।” ওপার বাংলার হিন্দুদের প্রতি সমব্যথী হয়ে ২ বছর আগের মতো এবারও কি এপারের মানুষও প্রতিবাদে নামবেন?
