
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। শনিবার দুপুরের পর থেকে অধিকাংশ জায়গাতেই নতুন করে বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টির পর্ব কাটতেই এবার শীতের অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যবাসী। কবে থেকে নামবে তাপমাত্রার পারদ? কবে জাঁকিয়ে বসবে শীত? সেই প্রশ্নেরই উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে শীতের আগমন এবং ঠান্ডা বাড়ার সম্ভাব্য সময় নিয়ে মিলেছে নতুন পূর্বাভাস।
কম বেশি সকলেই বুঝতে পারছেন বৃষ্টি কমার পর মেঘ কেটে রোদ উঠলেই ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাবে। রবিবার সকাল থেকে কলকাতায় দেখা গিয়েছে কুয়াশার দাপটও। একেবারে ভোর থেকে গাড় কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছিল শহর। যদিও সকাল ৬টার পর থেকে তা ক্রমশ ফিকে হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এরপর পরবর্তী ৩ দিনে ধাপে ধাপে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকেই জমিয়ে ঠান্ডা অনুভূত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
IMD-র পূর্বাভাস জানাচ্ছে, রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ থাকবে মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি।
