Mamata Banerjee | ‘বাড়তি উৎসাহ দেখাবেন না’, দলীয় কর্মীদের সতর্ক করে কী বার্তা দিলেন মমতা?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দলের কর্মীদের অতিরিক্ত সক্রিয়তা নিয়ে ফের সতর্কবার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কালীঘাটে নিজের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যাঁরা দলের হয়ে সরব থাকেন, তাঁদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন মমতা। কোনও কর্মী যাতে বাড়তি উৎসাহ দেখাতে গিয়ে দলের কৌশল বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে না আনেন, সে বিষয়েও সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল ভেঙে খান-খান হয়ে গিয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল অন্যদিকে ঋতব্রত তৃণমূল। তোপ পালটা তোপ চলছে। এহেন পরিস্থিতিতে বিশেষ করে কোনও ঘটনার প্রেক্ষিতে বা আচমকা উদ্ভূত কোনও রাজনৈতিক পরিস্থিতিতে দলের অনেক কর্মীই সঙ্গে সঙ্গে সক্রিয় হচ্ছেন ফেসবুকের মতো একাধিক সমাজমাধ্যমে। সে ক্ষেত্রে বিরোধী দলকে জবাব দিতে গিয়ে দলেরই অনেক পদক্ষেপ তাঁদের কথায় সামনে চলে আসে। এমনকি দলের ভিতরের কথাও কেউ কেউ সমাজমাধ্যমে কার্যত প্রকাশ্যে এনে ফেলছেন। যা দলের জন্য যে ক্ষতিকর, তা এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুধু তাই নয়, এর ফলে দলকে যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে তাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর নিজের বার্তায় মমতা বলেছেন, ‘আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না। মুখপাত্র ছাড়া কেউ কেউ ফেসবুকে এতটাই সক্রিয় হচ্ছেন যে, তার জেরে দলের ভিতরের খবর বাইরে তো বটেই, এমনকী, পুলিশের কাছেও চলে যাচ্ছে। তাতে দল ও তার কর্মীদের বিপদ বাড়ছে।’ ফলে এখন থেকেই নেতা-কর্মীরা যাতে এই বিষয়ে সতর্ক থাকেন, তা সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এহেন নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…