
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনার মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। নড়াইল-সহ একাধিক এলাকায় হিন্দুদের উপর হামলা, বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠছে। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর এই নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, বাংলাদেশের অশান্তির আঁচ এ রাজ্যেও পড়তে পারে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে সোমবারই বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার সন্ধ্যায় পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। আমি কালই জয়শংকরজিকে জানাব। বৈদেশিক নীতির কথা মাথায় রেখে কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়ে মন্তব্য করতে পারেন না। কিংবা ব্যবস্থা নিতে পারেন না। তাই আমি কালকেই জয়শংকরজির সঙ্গে যোগাযোগ করব। বাংলার বহু মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। তাঁরা খুবই উদ্বিগ্ন।”
মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের হিন্দু নির্যাতনের একাধিক ছবি, ভিডিও এসেছে তাঁর কাছে। অনেকের সঙ্গে কথাও হয়েছে তাঁর। বহু উদ্বিগ্ন রাজ্যবাসীর কাছেও শুনেছেন বাংলাদেশের হিন্দু নিধনের কথা। যাঁদের আত্মীয় রয়েছেন ওপারে, তাঁরা কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন, তার ফলে যেকোনও মুহূর্তে বাংলাতেও হিংসার ঘটনা ঘটতে পারে। সে কারণেই বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও শুভেন্দু জানান, “মেডিক্যাল ভিসা আলাদা বিষয়। দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত একজন মুখ্যমন্ত্রী নিতে পারেন না। এটি পুরোপুরি ভারত সরকারের সিদ্ধান্ত।” তবে কোনও অনুপ্রবেশকারীকে যে রেয়াত করা হবে না, তা সাফ জানান মুখ্যমন্ত্রী।দক্ষিণ দিনাজপুরের হিলিতে হিন্দু সেজে বাংলাদেশির বসবাস প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই অনুপ্রবেশকারীরা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনও করছিলেন। তিনি জানান, কোনওভাবেই সিএএ-তে নাগরিকত্ব পাবেন না তারা। খ্রিস্টান, শিখ, জৈন, পারসিকরা নাগরিকত্ব পাবেন। এদিকে, পাঁচ বাংলাদেশির কীর্তি ফাঁস হতেই তাদের বাড়িতে বুলডোজার ‘অ্যাকশন’ চালায় প্রশাসন।
নাগাড়ে বৃষ্টিতে কোথাও কোমরজলে ডুবেছে মাঠের ধান, কোথাও জমা জলে শাকসব্জিতে পচন ধরেছে, ধ্বংস হয়েছে তিল তিল করে তৈরি করা পানের বরজ। এই পরিস্থিতিতে কার্যত দিশাহারা চাষিদের পাশে রাজ্য সরকার। ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকদের জন্য ক্ষতিপূরণ হিসেবে অর্থ সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশ্বাস, “দু’দিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” সেই সঙ্গে সেচ দপ্তরের সহযোগিতায় জমির জমা জল সরানোর কাজও শুরু হবে সোমবার থেকেই। সরকারি উদ্যোগেই সংশ্লিষ্ট জেলার বিডিও-র তত্ত্বাবধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জমি থেকে জল তোলার কাজ হবে। যার জন্য কৃষকদের কোনও মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমন ধান তোলার সময়ে এই বৃষ্টিতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ধানের পাশাপাশি, পান, ফুল, আলুর বীজ, শাকসবজি, কলা, পেঁপে সহ বহু ফলের বাগিচাতেও ক্ষতি হয়েছে।” প্রাথমিকভাবে সরকারি তথ্য অনুযায়ী, মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার হেক্টর। যে জেলাগুলিতে কৃষিকাজের আংশিক ক্ষতি হয়েছে, সেই জেলাগুলি হল – হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিন রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ ৭৩ হাজারা অন্নদাতাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেচসেবিত এলাকাতে। ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন। বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রেও ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ১ হাজার টাকা পাবেন। বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে সরকার। রবি, খরিফ, আমন, বোরো ধান চাষি ছাড়াও এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই ন্যূনতম ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন চাষিরা।”
শুধুমাত্র ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যই ক্ষতিপূরণ ঘোষণাই নয়, নতুন বীজ বপনের জন্যও ২৯ হাজার কৃষক ধান, তিল, চিনাবাদাম, গ্রীষ্মকালীন মুগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, “১৯ হাজার কৃষককে গ্রীষ্মকালীন সবজি বীজের কিট বিতরণ করা হবে। এক্ষেত্রে অতিরিক্ত ৫ কোটি টাকা অর্থ ব্যয় করবে সরকার।” সুতরাং, ক্ষতিপূরণ হিসেবে সরকার দেবে মোট ২০৫ কোটি এবং নতুন করে চাষাবাদের জন্য মোট ৪৮ হাজার কৃষকদের ৫ কোটির বীজ বিতরণ হবে সরকারি অর্থেই। শুভেন্দু এও বলেন, “দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ৩৮৫ হেক্টর পানবরজ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানবরজে ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা ৯ হাজার ২৪০। প্রতি ইউনিটের বরজের জন্য ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা। ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।” অন্যদিকে ১১ নভেম্বর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের গাজল, হবিবপুর, বামনগোলায় তিন ব্লকের ১৯ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে ৮ কোটি ১২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে সরকারি তরফে।
অর্থ সাহায্য ঘোষণার পাশাপাশি গোটা রাজ্যজুড়ে কৃষিক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী, ফুলের ১ হাজার ৬০ হেক্টর জমিতে ক্ষতি ৯৫.৪ কোটি, পানবরজের ৩৮৫ হেক্টর জমিতে ক্ষতির পরিমাণ ২৪ কোটি, সবজির ৭৮৯.৫ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে ১১.৮৪ কোটি। সবমিলিয়ে হর্টিকালচারে মোট ১৩১.৪৩ কোটি ক্ষতি। সেই সঙ্গে আমন ধানে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর জমিতে মোট ক্ষতির পরিমাণ ৫৭৬ কোটি টাকা। অন্যান্য সব মিলিয়ে এগ্রিকালচারে ক্ষতি ৬৮৫ কোটি। আপাতত এসডিআরএফের তরফে ২০৫ কোটি, ৫ কোটির বীজ বিতরণ, পানবরজে ৩ কোটি, মালদহের জন্য ৮ কোটি ১২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল নবান্ন থেকে। শুভেন্দু বলেন, “আগামিকাল থেকে দু’দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” সেই সঙ্গে সেচ দপ্তরের সাহায্যে জলবন্দি জমি থেকে জল তোলার কাজও সোমবার থেকেই শুরু করবে রাজ্য সরকার। পাম্প ও শ্রমিকের পারিশ্রমিক কৃষকদের বহন করতে না বলেও নিশ্চিন্ত করেন মুখ্যমন্ত্রী।
দিন কয়েক আগে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, মিশনারি স্কুলের এক অধ্যক্ষর নেতৃত্বে রাজ্যে ধর্মান্তরণ চলছে। তার প্রেক্ষিতে রাজ্যের ১৩ লাখ খ্রিস্টানদের তরফে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি একগুচ্ছ দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান চার্চের প্রধানরা। এই আবহে রবিবার পিডব্লুডি তাঁবুতে শুভেন্দু অধিকারির সাংবাদিক বৈঠকে উঠল পার্কস্ট্রিটে ক্রিসমাস উদযাপন প্রসঙ্গ। সেখানেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন, “পার্কস্ট্রিটে ৭ দিন ধরে যে অনুষ্টান চলে, তা সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।” এরপরই শুভেন্দু বললেন, “নমাজও তো বন্ধ হয়নি। রেড রোডে বন্ধ হয়নি, অন্য জায়গায় হয়েছে। কেউ কেউ বলছে ময়দানে বৃষ্টি হলে কী হত। বৃষ্টি হলে ত্রিপল দিতাম।”
এরপর শুভেন্দু আরও বললেন, “ধর্মীয় অধিকার সবার রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে কাউকে বাধা দেওয়া হয়েছে, হাই কোর্টে যেতে হয়েছে- এমনটা এই সরকার থাকাকালীন তো হয়নি।” এরপরই মুখ্যমন্ত্রীর আশ্বাস, “পার্কস্ট্রিটে সরকারের তরফে যতটুকু যা বলা হবে, সেভাবে ওরা পালন করবে। তোষণের রাজনীতি এই সরকার করে না।”
