
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে সরব হওয়ার পরই ফের চাপে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুই থানায় হাজিরার নির্দেশ পেলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সোমবার মহম্মদবাজার থানায় তাঁকে ডাকা হয়েছে। আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। অন্যদিকে, মঙ্গলবার সিউড়ি থানায় হাজিরার নির্দেশ রয়েছে টুলুর। সেখানে বেআইনি পাথর খাদান সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। পরপর এই দুই তলব ঘিরে তাঁর অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এর আগে গত শনিবার সিউড়ি থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তরও দেন বলেই খবর। ভবানীভবনেও গিয়ে হাজিরা দিয়েছেন টুলু। তাঁর দাবি, কয়লা ও পাথরের ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করলেও হেনস্তার শিকার হতে হচ্ছে। কলকাতায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরির অভিযোগও সামনে এনেছেন ওই পাথর ব্যবসায়ী। টুলুর দাবি, তদন্তের স্বার্থে পুলিশের নোটিস পেয়ে তিনি শনিবার সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তরও দেন।
রাত হয়ে যাওয়ায় এক আত্মীয়ের বাড়িতেই আশ্রয় নিতে হয়েছিল তাঁকে। টুলুর অভিযোগ, ওই বাড়ির বাইরে সারা রাত পাহারায় ছিলেন সিভিক ভলান্টিয়াররা। পরদিন গাড়িতে করে ফেরার সময় বোলপুরের প্রবেশপথ এবং ইলামবাজারের তেমাথায় একাধিকবার তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তাঁর দাবি, অন্যান্য যানবাহনের ক্ষেত্রে যে ধরনের সাধারণ তল্লাশি চলে, তাঁর সঙ্গে তেমন আচরণ করা হয়নি। বরং তাঁকেই নিশানা করে বারবার গাড়ি আটকানো হয়েছিল। এমনকী, পুলিশের একটি গাড়ি তাঁর পিছু নিয়েছিল বলেও অভিযোগ টুলুর। গোটা ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
টুলু দাবি করেন, জিএসটি ও আয়কর মিলিয়ে বছরে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা কর দেন তিনি। অথচ তাঁর অফিস থেকে পেনড্রাইভ, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী পুলিশ নিয়ে গিয়েছে। তার ফলে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়। তাঁর গোডাউন থেকে প্রায় ২৫০টি নতুন টায়ার, ৩০০ টন রড এবং পুজো ও ঈদ উপলক্ষে বিতরণের জন্য রাখা চাল ও কাপড় চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন টুলু। তাঁর দাবি, পুলিশি হেফাজতের সময়েই এই ঘটনা ঘটেছে। গোডাউন থেকে রাত তিনটের সময় চাল বের করতে দেখেছিলেন তাঁর লোকজন। পরে খোঁজ নিয়ে বাকি সামগ্রীও উধাও হওয়ার বিষয়টি জানতে পারেন। অন্যদিকে, পুলিশ সূত্রের দাবি, জেলা জুড়ে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবেই বোলপুর ও ইলামবাজারে গাড়ি পরীক্ষা করা হয়েছিল। অন্য গাড়ির মতো টুলুর গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তাঁকে ধাওয়া করার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। টুলুর আইনজীবী সিকন্দর আনসারি জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানো হচ্ছে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
