
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজকে নিশানা করে ভয়াবহ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলার জেরে ভূমধ্যসাগরে ডুবে গিয়েছে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল কর্ভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’। জানা গিয়েছে, রবিবার ভোরে বেনগাজি বন্দরে জ্বালানি সংগ্রহের সময় জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। এই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইউক্রেনের ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত বেনগাজি বন্দরে এই হামলা চালানো হয়েছে। শুধু মেরকুরিই নয়, কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দরের কাছেই সামরিক সরঞ্জাম বহনকারী রাশিয়ার আরও একটি জাহাজ ‘অ্যাসকালন’-কেও ড্রোনের মাধ্যমে নিশানা করা হয়েছে বলে খবর।
লিবিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে নিষেধাজ্ঞা থাকায় মেরকুরি নামের ওই জাহাজ ভূমধ্যসাগর হয়ে যাচ্ছিল। সম্প্রতি বেনগাজি বন্দরে ভিড়েছিল জাহাজটি। রাশিয়া-ঘনিষ্ঠ জেনারেল খলিফা হাফতারের বাহিনী এই বন্দরের নিয়ন্ত্রণে। সিরিয়ার ঘাঁটি থেকে রুশ বাহিনীকে সরানোর পর এই বন্দর ব্যবহার করেই আফ্রিকায় সেনা পাঠায় রাশিয়া। রবিবার ভোরে এই বন্দরেই দু’টি ড্রোন মেরকুরি জাহাজে হামলা চালায়। এই ঘটনায় ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ডুবে যায় জাহাজটি। অনুমান করা হচ্ছে, পশ্চিম লিবিয়ার মিসরাতায় থাকা ইউক্রেনের বিশেষ বাহিনী এই হামলা চালিয়েছে।
এই হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বড় হামলা হয় সামরিক সরঞ্জামবাহী রুশ জাহাজ ‘অ্যাসকালন’-এ। লিবিয়া প্রশাসন জানিয়েছে, হামলার পরপরই লিবিয়ার নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলি থেকে সকল কর্মীকে উদ্ধার করা হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার বাল্টিক সাগরে গোগল্যান্ড দ্বীপের কাছে আরও একটি হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার জেরে আগুন লেগে যায় রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা ২’-এ। জাহাজটি কালিনিনগ্রাদ যাচ্ছিল। জাহাজের সকল নাবিককে উদ্ধার করা হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন সংঘাত সময়ের সঙ্গে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকা একাধিকবার কূটনৈতিক উদ্যোগ নিলেও এখনও পর্যন্ত শান্তি ফেরার কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। অন্যদিকে, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে কৃষ্ণসাগরের ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দর থেকে নিজেদের নৌবহর সরিয়ে নভোরোসিস্ক বন্দরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাশিয়া। এবার ভূমধ্যসাগরেও রুশ নৌবাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হল। অর্থাৎ, সমুদ্রপথেও ক্রমশ চাপে পড়ছে মস্কো।
