Heavy Rush at Puri: লক্ষ্মী-নৃসিংহ বেশে মহাপ্রভু জগন্নাথ, পুরীর শ্রীমন্দিরে ভক্তদের ঢল

Heavy Rush at Puri Srimandir During Panchuka
Heavy Rush at Puri Srimandir During Panchuka

 

পুরী, ২৩ নভেম্বর : পবিত্র কার্তিক মাসের পঞ্চুক ব্রতের তৃতীয় দিনে সোমবার পুরীর শ্রীমন্দিরে ‘লক্ষ্মী-নৃসিংহ বেশ-এ দর্শন দিচ্ছেন মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। তিথি ক্ষয়ের কারণে চলতি বছরে পঞ্চুক চার দিন ধরে পালিত হচ্ছে। সোমবার চতুর্দশী তিথিতে মহাপ্রভুর এই দুর্লভ বেশ দর্শনের জন্য ভোর থেকেই শ্রীক্ষেত্রে ভক্ত ও তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বিপুল জনসমাগম সামাল দিতে এবং ভক্তদের সুশৃঙ্খল দর্শন নিশ্চিত করতে পুরী পুলিশের তরফে নিশ্ছিদ্র নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরী জুড়ে ৪০ প্লাটুন পুলিশ বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, তীর্থযাত্রীদের সুবিধার্থে একমুখী ব্যারিকেড, নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান দ্বার, পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং সিসিটিভি-র মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।

নিরাপত্তা ও দর্শন ব্যবস্থা প্রসঙ্গে সেন্ট্রাল রেঞ্জের আইজি সত্যজিৎ নায়েক সংবাদমাধ্যমকে বলেন, "আজ ২৩ তারিখ এবং আজ মহাপ্রভুর লক্ষ্মী-নৃসিংহ বেশ অনুষ্ঠিত হচ্ছে। ফলে মহাপ্রভুর এই বেশ দর্শনের জন্য বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে।" মন্দিরের ভেতরে প্রবেশের নিয়মাবলী ও নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে সতর্ক করে আইজি আরও জানান, "ভক্তদের জন্য মন্দিরের ভেতরে জুতো, ছাতা এবং মোবাইল ফোনের মতো কিছু সামগ্রী নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মহাপ্রভুর দর্শনে যাওয়ার আগে ভক্তরা যাতে এই জিনিসগুলি নিরাপদে জমা রাখতে পারেন, তার জন্য মন্দিরের বাইরে নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে।" উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) কার্তিক পূর্ণিমা ও 'বোইতা বন্দনা' উপলক্ষে শ্রীমন্দিরে মহাপ্রভুর রাজরাজেশ্বর বেশ (সোনা বেশ) অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…