
কাঠমান্ডু, ১৮ নভেম্বর : নেপালের দীর্ঘদিনের দাবি মেনে নতুন বিমানপথ খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। উত্তরাখণ্ডের বনবাসা হয়ে মহেন্দ্রনগর দিয়ে নেপালে আন্তর্জাতিক বিমান প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের আগামী ২২ নভেম্বরের ভারত সফরে এ নিয়ে চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছে কাঠমান্ডু।
বিমানপথের বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা সম্প্রতি নয়াদিল্লি যান। প্রতিনিধি দলে ছিলেন পর্যটন মন্ত্রকের যুগ্মসচিব জয়নারায়ণ আচার্য, বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্মসচিব গেহেন্দ্র রাজভাণ্ডারী এবং নেপাল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের মহাপরিচালক মুকেশ ডাঙ্গোল।
ভৈরহওয়া, নেপালগঞ্জ, মহেন্দ্রনগর ও জনকপুর দিয়ে আন্তর্জাতিক বিমান প্রবেশের অনুমতি দীর্ঘদিন ধরেই চেয়ে আসছে নেপাল। দিল্লিতে সাম্প্রতিক বৈঠকের পর মহেন্দ্রনগর দিয়ে বিমান চলাচলের বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন মুকেশ ডাঙ্গোল। তাঁর কথায়, আলোচনায় নেপালের প্রয়োজনীয়তা ও প্রযুক্তিগত দিকগুলি তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আরও আলোচনা হবে।
বর্তমানে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নেপালকে মূলত একটি প্রবেশপথের উপর নির্ভর করতে হয়। বিহারের রক্সৌল হয়ে সিমরা পথ দিয়ে বিমানকে নেপালে ঢুকতে বা বেরোতে হয়। পশ্চিমা দেশ ও পশ্চিম এশিয়া থেকে আসা বিমানগুলিও ভৈরহওয়া বা মহেন্দ্রনগর দিয়ে সরাসরি নেপালে প্রবেশের অনুমতি পায় না। ফলে সেগুলিকে ঘুরপথে সিমরা হয়ে যেতে হয়। এতে উড়ানের সময় ২৫ মিনিটেরও বেশি বেড়ে যায়, পাশাপাশি জ্বালানির খরচও বাড়ে।
নেপাল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের আধিকারিকদের মতে, মহেন্দ্রনগর দিয়ে নতুন আকাশপথ চালু হলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও ভৈরহওয়ার গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল অনেক সহজ হবে। বর্তমানে এই দুই বিমানবন্দরে নামতেও বিমানগুলিকে সিমরা হয়ে ঘুরে আসতে হয়। এতে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অতিরিক্ত সময় লাগে। সময় ও জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় বিদেশি বিমান সংস্থাগুলিও এই দুই বিমানবন্দরে পরিষেবা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে না বলে নেপালের দাবি। নতুন বিমানপথ চালু হলে উড়ানের সময় ও পরিচালন খরচ কমবে বলে আশা করছে নেপাল। পাশাপাশি ভৈরহওয়া ও পোখরা বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ান বাড়ানোর পথও খুলতে পারে।
নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরেই এ বিষয়ে চুক্তি হতে পারে। তাঁর বক্তব্য, ভারতের ইতিবাচক মনোভাবের কারণে অন্তত একটি নতুন বিমানপথ চালুর বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
