
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা তুলে ধরতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন কক্রোচ জনতা পার্টি (CJP)-র নেতা সৌরভ দাস। গন্তব্য ছিল ব্রিটেনের prestigous শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে বক্তব্য রাখার পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তাঁর আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল বলে দাবি করেছেন তিনি। কিন্তু সেই যাত্রার আগেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ। সরকারের এই পদক্ষেপকে ‘ভীরুতা’ এবং ‘বুদ্ধিবৃত্তিক পরিসরের উপর আঘাত’ বলে কটাক্ষ করেছেন তিনি।
সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে ওঠার আগে অভিবাসন দফতরের কাউন্টারে তাঁকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ সৌরভের। তাঁর দাবি, অভিবাসন আধিকারিকরা তাঁকে জানান যে তাঁর পাসপোর্টে কোনও ধরনের ফ্ল্যাগ বা বিশেষ চিহ্ন রয়েছে। ফলে তিনি বিদেশে যাওয়ার অনুমতি পাননি। রাত ১টার বিমানে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয় তাঁকে।
ঘটনার পরেই সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন CJP নেতা। সেখানে তিনি লেখেন, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘কক্রোচ আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে লন্ডন যাওয়ার অনুমতি দেয়নি। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁর বক্তব্য পৌঁছে যাক, তা চায় না সরকার। শিক্ষিত তরুণদের স্বাধীন মতপ্রকাশ এবং বুদ্ধিবৃত্তিক আলোচনাকে ভয় পেয়েই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি তাঁর।
শুধু সমাজমাধ্যমে পোস্ট করেই থেমে থাকেননি সৌরভ। বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করেও নিজের ক্ষোভের কথা জানান তিনি। তাঁর বক্তব্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে তাঁকে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তাঁর লন্ডন যাওয়ার পরিকল্পনা। অথচ অভিবাসন কাউন্টারে পৌঁছনোর পরই জানতে পারেন, তাঁর পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে। কেন একজন শিক্ষিত তরুণ আন্তর্জাতিক মঞ্চে গিয়ে নিজের মতামত প্রকাশ করতে পারবেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
এই ঘটনায় CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, অক্সফোর্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতাসীন শিবিরের কোনও মহলের ঈর্ষা তৈরি হয়েছে। সমাজমাধ্যমে কটাক্ষ করে তিনি বলেন, সৌরভকে বিদেশে যেতে বাধা দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাঁর বক্তব্য, ক্ষমতাবানদের সমালোচনা করলেই যদি কাউকে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়, তা হলে তা অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে CJP-র আর এক নেত্রী রত্না সিংও জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পাওয়ার পর কয়েক দিন আগেই তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে সৌরভের ক্ষেত্রে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা আরও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে বলে তাঁর দাবি। তরুণদের রাজনৈতিক মতামত প্রকাশ এবং ক্ষমতাসীনদের প্রশ্ন করার অধিকার নিয়েও সরব হয়েছেন তিনি।
উল্লেখ্য, শিক্ষা, বেকারত্ব এবং রাজনৈতিক জবাবদিহির মতো বিষয় নিয়ে CJP-র আন্দোলন সাম্প্রতিক সময়ে জাতীয় স্তরে আলোচনায় এসেছে। এর আগে দিল্লিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনের একাধিক সদস্যকে আটক ও গ্রেফতার করা হয়েছিল। অক্টোবরে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির পর সৌরভ দাসকে গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
তবে দিল্লি বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বিস্তারিত সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। দিল্লি পুলিশের এক আধিকারিকও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে তাঁদের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই এবং বিষয়টি অভিবাসন কর্তৃপক্ষের আওতাধীন। ফলে ঠিক কোন কারণে সৌরভ দাসকে বিদেশযাত্রা থেকে আটকানো হল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সৌরভ দাসের অভিযোগ, অন্যদিকে সরকারি ব্যাখ্যার অনুপস্থিতি—সব মিলিয়ে বিদেশযাত্রার অনুমতি, নাগরিকের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমতের জায়গা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সৌরভ অবশ্য জানিয়েছেন, এই বাধা তাঁকে আন্দোলন থেকে সরিয়ে দিতে পারবে না। ভবিষ্যতে লন্ডন, প্যারিস-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে নিজের বক্তব্য তুলে ধরার পরিকল্পনাও রয়েছে তাঁর।
🚨This coward government did not allow me to board my flight to London where I was invited by prestigious universities like Oxford, Cambridge, LSE, Edinburgh to deliver talks on the cockroach movement. Indian students put their heart and soul to organise the events but this anti-intellectual govt was scared of me going to these prestigious institutions! @Cockroachisback
— Saurav Das (@SauravDassss) November 23, 2026
