Sonia Gandhi | স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য? সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

Sonia Gandhi
Sonia Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্মৃতিকথা প্রকাশের পর এবার নতুন করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সদ্য প্রকাশিত বই ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এ স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও আইনি টানাপোড়েন। বইটিতে দাবি করা হয়েছে, ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সাভারকর ও তাঁর সহযোগীরা ঔপনিবেশিক শাসকদের কাছে তথ্য সরবরাহ করতেন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাভারকরের পরিবার। ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়ে বইয়ের বিতর্কিত অংশ সংশোধনের দাবি জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না করা হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনজীবীর মাধ্যমে সোনিয়া গান্ধীকে এই নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর। নোটিসে বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতার দু’টি বক্তব্যে আপত্তি জানানো হয়েছে। সাভারকরের বংশধরের দাবি, বইয়ে যে বক্তব্য পরিবেশন করা হয়েছে তা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং সাভারকরের সুনাম ও উত্তরাধিকারের পক্ষে ক্ষতিকর। বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ‘কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশদের হাতে মার খাচ্ছিলেন, জেলে যাচ্ছিলেন, সেই সময় বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের সিনিয়র নেতারা ঔপনিবেশিক প্রভুদের কাছে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবং তাঁদের সদস্যরা ব্রিটিশদের খবরদাতা হিসেবে কাজ করছিলেন।’ বইয়ের ৪৪৩ পাতায় লেখা হয়েছে, ‘গান্ধীজির সমসাময়িক নেতা সাভারকর, হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তিনি ভারতকে এমন এক জাতি হিসেবে দেখতেন যেখানে হিন্দুরাই সর্বোচ্চ। এই দৃষ্টিভঙ্গিই আরএসএস, বিজেপি ও সংঘ পরিবারের মূল ভিত্তি।’

সাভারকর পরিবারের অভিযোগ, সোনিয়ার বইয়ের ২০১ পাতার বক্তব্য থেকে এমন ধারনা তৈরি হয় যেন, সাভারকর অন্য স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে খবর দিতেন। তিনি তাঁদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। নোটিসে বলা হয়েছে, কোনও ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়াই এই ধরনের বক্তব্য লেখা হয়েছে বইয়ে। সেলুলার জেরে তাঁর অমানুষিক কষ্টের কথা উপেক্ষা করা হয়েছে বইয়ে। এছাড়া ৪৪৩ পাতায় তাঁকে ‘হিন্দু আধিপত্য’ চাওয়া নেতা হিসেবে দেখানো হয়েছে। যা তাঁর রাজনৈতিক চিন্তাধারার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।

সাভারকরকে নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য আইনি নোটিসে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বইয়ে উল্লেখিত ভুল তথ্য সংশোধনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকাশককে স্পষ্টভাবে জানানো হয়েছে, বইটির পরবর্তী মুদ্রিত সংস্করণ এবং ডিজিটাল সংস্করণ থেকে সংশ্লিষ্ট বিতর্কিত অংশটি সংশোধন করতে হবে অথবা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পুনে জেলা আদালতে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সত্যকি সাভারকর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…